Advertisement

কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুত্‍ সহ বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৮ মে, বৃহস্পতিবার থেকে কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃহস্পতিবার ও শুক্রবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পরিস্থিতি তৈরি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরেও।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2026,
  • अपडेटेड 9:59 AM IST
  • অবশেষে গরমে হাঁসফাঁস করা কলকাতাবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
  • আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

অবশেষে গরমে হাঁসফাঁস করা কলকাতাবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় রয়েছে কলকাতাও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার জেরে তাপমাত্রা খানিকটা কমতে পারে বলে পূর্বাভাস। যদিও পুরোপুরি স্বস্তি পেতে এখনও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৮ মে, বৃহস্পতিবার থেকে কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃহস্পতিবার ও শুক্রবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পরিস্থিতি তৈরি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরেও।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শনিবার থেকেই ঝড়বৃষ্টির কার্যকলাপ বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়ারও পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও আপাতত গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে।

আবহাওয়া দফতরের ব্যাখ্যা অনুযায়ী, দক্ষিণ উপকূলীয় ওড়িশা ও সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় থাকা এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা উত্তরপ্রদেশ ও ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। সেই কারণেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ঝড়বৃষ্টি শুরু হলে তার পরের দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস।

Advertisement

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৯ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।

 

Read more!
Advertisement
Advertisement