Advertisement

Abhishek Banerjee PA: 'সেবাশ্রয়' নিয়ে আবার কী অভিযোগ? অভিষেকের পিএ-র বাড়িতে পুলিশ, ৩ দিনের আলটিমেটাম

ফের পুলিশের নোটিস পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহকারী সুমিত রায়। কেন তাঁকে দেওয়া হল নোটিস। ঠিক কী অভিযোগ সেবাশ্রয় নিয়ে?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jul 2026,
  • अपडेटेड 7:18 AM IST
  • ফের পুলিশের নোটিস পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহকারী সুমিত রায়
  • কেন তাঁকে দেওয়া হল নোটিস
  • ঠিক কী অভিযোগ সেবাশ্রয় নিয়ে?

আবার খবরে কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত রায়। এবার বকেয়া টাকা না মেটানোর মামলায় তাঁকে নোটিস দিল পুলিশ। বুধবার তাঁর বাড়িতে গিয়ে ওই নোটিস দিয়ে আসা হয়েছে। ওই নোটিসে তদন্তকারীদের সামনে তিন দিনের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সুমিত এখনও পলাতক বলেই জানা গিয়েছে।

বুধবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার একটি পুলিশ দল টালিগঞ্জ সংলগ্ন মহাবীরতলা এলাকায় সুমিত রায়ের বাড়িতে যায়। কিন্তু তিনি বাড়িতে ছিলেন না। এই সময় নোটিসটি গ্রহণ করেন তাঁর মা।

সংবাদমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনে সুমিতের মা বলেন, 'বিষয়টির দ্রুত নিষ্পত্তি হোক, সেটাই চাই।' তবে ছেলে বর্তমান কোথায় রয়েছে, সেই সম্পর্কে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

কী অভিযোগ?
বিষ্ণুপুর এলাকার একটি রিসর্টের মালিক অভিযোগ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়'-এর জন্য রিসর্ট ভাড়া নিয়েছিলেন সুমিত। কিন্তু অনুষ্ঠানের পরও রিসর্টের বকেয়া টাকা দেওয়া হয়নি।

এই অভিযোগের ভিত্তিতেই সুমিত রায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে তাঁকে তিন দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হতে বলা হয়েছে। সেই কারণেই জারি করা হয়েছে নোটিস।

একাধিক মামলায় অভিযুক্ত সুমিত
মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গে পালা বদলের পর একাধিক মামলায় ফেঁসেছেন সুমিত। তাঁর বিরুদ্ধে জমি জালিয়াতি এবং তৃণমূলে ভোটের টিকিট পাইয়ে দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ সহ একাধিক মামলার তদন্ত চলছে। এসব অভিযোগ সামনে আসার পর থেকেই তিনি পলাতক।

গত জুন মাসে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটি দল অন্য একটি মামলার তদন্তে সুমিতের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও তল্লাশি চালায়।

পুলিশ সূত্রের দাবি, মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তদন্তকারীরা অভিষেকের বাড়িতে পৌঁছেছিলেন। তবে সেখানে সুমিত রায়কে পাওয়া যায়নি। তারপর থেকেই তিনি পলাতক।

গ্রেফতারি পরোয়ানা ও লুকআউট নোটিস
পুলিশের আবেদনের জন্য মেদিনীপুরের একটি আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং লুকআউট সার্কুলার জারি করে। পরবর্তীতে কলকাতা হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদনও খারিজ করে দেয়।

Advertisement

রাজনৈতিক তরজা
সুমিত রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেও বিতর্ক শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, এই ঘটনাগুলি তৃণমূলের দুর্নীতির বৃহত্তর চিত্র তুলে ধরছে।

যদিও বিষয়টা নিয়ে মুখ খোলনি তৃণমূল কংগ্রেস। তারা এই বিষয়ে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া দেয়নি। তাদের বক্তব্য, আইন আইনের পথেই চলবে।

 

Read more!
Advertisement
Advertisement