
ফুটবল বাঙালির আবেগ। প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দে-র বিখ্যাত বাংলা গান, 'সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল'-এর যেন বাস্তব প্রতিফলন দেখা গেল বাকুঁড়ার ওন্দায়। উল্লেখ্য, বাঁকুড়ার ওন্দা বিধানসভায় আয়োজিত হয় বিধায়ক কাপ। তিন দিনের টুর্নামেন্টের দ্বিতীয় দিনে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। কার্যত দশ বছর আগের ভূমিকায় ফিরে গেলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। রেফারির ভূমিকায় দেখা গেল তাঁকে। যেমন দাপুটে রাজনীতিবিদ তিনি, ঠিক তেমনই দাপটের সঙ্গে সামলালেন ফুটবল ম্যাাচও।
রাজনীতির ময়দানে দীর্ঘদিনই সক্রিয় অমরনাথ শাখা। রাজনীতির পাশাপাশি ফুটবলের মাঠও তাঁর ভালোলাগার জায়গা। একাধিক স্থানীয় ফুটবল টুর্নামেন্টে খেলার পাশাপাশি রেফারির ভূমিকাও পালন করেছেন তিনি। আবার বাম আমলে একটা সময় সিপিআইএম-এর রক্ত চক্ষুকে উপেক্ষা করে এলাকায় বিজেপির হয়ে রাজনীতি করেছেন বলেও স্থানীয় সূত্রে খবর। পরবর্তীতে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে ২০২১ সালে বিধানসভা ভোটে প্রথমবারের ওন্দা বিধানসভার বিধায়ক নির্বাচিত হন। ২০২৬-এও বিপুল ভোটে জয়লাভ করে অমরনাথ শাখা। সেই বিধায়ক অমরনাথ শাখাকেই এবার রেফারির ভূমিকায় দেখল এলাকার মানুষ।