
ফের পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০ অগাস্ট অর্থাত্ বৃহস্পতিবারই শিলিগুড়ি পৌঁছে যাচ্ছেন শাহ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ ও ২২ অগাস্ট পশ্চিমবঙ্গে থাকবেন তিনি। তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে নতুন ফৌজদারি আইন কার্যকরের অগ্রগতি, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
সীমান্ত নিরাপত্তায় বিশেষ জোর শাহের
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হতে চলেছে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বৈঠক। সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং নজরদারি বাড়ানোর বিষয়ে সশস্ত্র সীমা বলের (SSB) শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। সীমান্তবর্তী জেলাগুলির পরিস্থিতিও বৈঠকে পর্যালোচনা করা হতে পারে। সীমান্ত এলাকায় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ এবং আন্তঃসীমান্ত অপরাধ রুখতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
বেআইনি আর্থিক লেনদেন ঠেকাতে প্রশাসনের ভূমিকা
সীমান্তবর্তী জেলাগুলিতে নগদ টাকার লেনদেন নিয়েও বিশেষ পর্যালোচনার সম্ভাবনা রয়েছে। সীমান্ত এলাকার অর্থনৈতিক কার্যকলাপের উপর নজরদারি এবং বেআইনি আর্থিক লেনদেন ঠেকাতে প্রশাসনের ভূমিকা কী হওয়া উচিত, তা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।
তিনটি ফৌজদারি আইন কার্যকর করার প্রক্রিয়া
অমিত শাহের সফরে গুরুত্ব পেতে চলেছে দেশের নতুন ফৌজদারি আইনও। ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন তিনটি ফৌজদারি আইন কার্যকর করার প্রক্রিয়া এবং তার অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন তিনি। আইনগুলির বাস্তবায়নে রাজ্যের প্রস্তুতি, পুলিশ ও প্রশাসনের ভূমিকা এবং নতুন আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে শিলিগুড়িতে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেই প্রদর্শনীতে অংশ নেওয়ার পাশাপাশি উদ্বোধনও করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি অমিত শাহের সফরে উন্নয়নমূলক প্রকল্পও গুরুত্ব পেতে পারে। ৪ মে রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। প্রায় ১০০ দিনের কাছাকাছি সময়ে সরকারের একাধিক নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কর্মসূচি রয়েছে। বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই প্রকল্পের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।