Advertisement

Ananta Maharaj: 'অনিচ্ছাকৃত বক্তব্য...' নেতাজিকে একরাশ বিষোদগার করে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তাঁর একের পর এক অপমানজনক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। সেই অনন্ত মহারাজ এবার সর্বসমক্ষে ক্ষমা চাইলেন। ভিডিও বার্তায় কী বললেন BJP-র সাংসদ?

অনন্ত মহারাজ অনন্ত মহারাজ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Aug 2026,
  • अपडेटेड 11:13 AM IST
  • ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
  • নেতাজিকে অপমান করার পর মুখ খুললেন
  • ভিডিও বার্তায় কী বললেন তিনি?

অবশেষে মাথা নোয়ালেন অনন্ত মহারাজ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্য তিনি ক্ষমা চাইলেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দুঃখপ্রকাশ করেছেন BJP-র রাজ্যসভার এই সাংসদ। 

ঠিক কী বললেন অনন্ত মহারাজ?
বৃহস্পতিবার গভীর রাতে নিজের ফেসবুক পেজে ক্ষমা প্রার্থনার একটি ভিডিও পোস্ট করেন অনন্ত মহারাজ। তিনি বলেন, 'আমি আন্তরিক ভাবে দুঃখিত।' তাঁর আরও বক্তব্য, 'নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজিকে নিয়ে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিক ভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।'

উল্লেখ্য, নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজকে নিয়ে তাঁর মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। পরে রাজ্য সরকার তাঁর বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে। এর পরেই তিনি ক্ষমা চেয়ে এই ভিডিও বার্তা দিয়েছেন। নেতাজিকে নিয়ে তাঁর মন্তব্যের পর রাজ্য সরকার পর্যালোচনা করে জানায়, তাঁর কাছে বঙ্গবিভূষণ থাকা ওই সম্মানের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই সম্মানটি প্রত্যাহার করা হয়েছে। যদিও এই সম্মান তাঁকে দিয়েছিল প্রাক্তন তৃণমূল সরকার। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাম না করে কড়া বার্তা দিয়েছিলেন কোচবিহারের এই স্বঘোষিত মহারাজাকে। নেতাজি সম্পর্কে কোনও অপমানজনক বা কটূ মন্তব্য বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এ ক্ষেত্রে কেউ জনপ্রতিনিধি হলেও ছাড় পাবেন না বলে সতর্ক করেছিলেন। 

এদিকে, নগেন রায় ওরফে অনন্ত মহারাজের অনুগামীদের ধরপাকড় শুরু করেছে পুলিশ। নেতাজির অবমাননা করার অভিযোগে শুক্রবার সকালে আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নেতাজিকে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগ রয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement