
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের দেশদ্রোহিতার অভিযোগ দায়ের। এবার কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে তাঁর নামে অভিযোগ জমা পড়েছে। অভিযোগ দায়ের করেছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচুড় গোস্বামী।
মূলত, বাংলাদেশের বিদ্রোহী ছাত্রনেতা ওসমান হাদির হত্যা মামলার অভিযুক্তের ভারতে পালিয়ে যাওয়া নিয়ে মন্তব্য করেন তিনি। এই প্রসঙ্গে ওয়াই চ্যানেলে মমতার করা মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগটি দায়ের করেছেন।
এর আগে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করা হয়। আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্যের অভিযোগ জানিয়েছেন। তাঁর কথায়, বাংলাদেশের এক হত্যাকাণ্ড ঘিরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দেশের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করছেন।
দার্জিলিংয়ের শিলিগুড়ির সাইবার পুলিশ থানায় আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং এই অভিযোগটি দায়ের করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, গত ২ জুন রানি রাসমণি রোডের সভা থেকে বাংলাদেশে একটি রাজনৈতিক হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে জড়িয়ে উস্কানিমূলক কথা বলা হয়েছে। আর তারপরই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই এই ঘটনার পর ক্ষুব্ধ রাজনৈতিক মহলের একাংশ। পদ থেকে সরতেই দেশের অন্দরের তথ্য ফাঁস কীভাবে করলেন উঠছে সেই প্রশ্নও।