
রাজ্যে ঘটেছে পালাবদল। ক্ষমতায় এসেছে BJP, মুখ্যমন্ত্রিত্ব খুইয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে হারার পর তাঁর সঙ্গ ছেড়ে ঋতব্রত শিবিরে চলে গিয়েছেন অনুব্রত মণ্ডল। যিনি আবার গরু চুরি দুর্নীতি মামলায় জেলও খেটে এসেছেন। তবে এ সবের মাঝেও জৌলুস ফিকে হয়নি কেষ্টর কালীপুজোর। এই একটি বিষয়ে কোনওরকম চাকচিক্য কমাননি অনুব্রত। মা কালীর আরাধনা এ বারও করলেন সেই ধুমধাম করেই। মায়ের গয়না আর ভোগের মেনু চোখ কপালে তুলেছে সকলেরই।
বীরভূমের বোলপুরে, তৃণমূল দলীয় কার্যালয়ের ঐতিহ্যবাহী কালীপুজোর আড়ম্বরে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। এ বছরও প্রথা মেনে প্রায় ৭০০ ভরি সোনার অলঙ্কারে মা কালীকে সাজিয়ে তোলা হয়েছে। বর্তমান বাজার দর অনুযায়ী যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১১ কোটি টাকা।
পুজোর স্মৃতিচারণ করতে গিয়ে অনুব্রত মণ্ডল জানান, প্রায় ৬০ বছর ধরে এই পুজোর পরম্পরা চলে আসছে। তিনি মাত্র ১০ বছর বয়সে প্রথম পাড়ায় এই পুজো শুরু করেছিলেন, যা পরবর্তীতে তৃণমূল কার্যালয়ে স্থান পায়। অনুব্রত মণ্ডলের কথায়, 'আমি তিহাড় জেল থেকে ফিরে আসার পরও দেখেছি মায়ের গায়ে একই পরিমাণ গয়না রয়েছে।' ব্যাঙ্ক অ্যাকাউন্টেও মায়ের নামে বাড়তি সোনার গয়না গচ্ছিত রয়েছে বলে জানান তিনি।
মায়ের ভোগে কোনওরকম কাটছাঁট করেননি কেষ্ট মণ্ডল। দলীয় কর্মী-সমর্থক ও স্থানীয় অনুগামীদের সহযোগিতাতেই প্রতি বছরের মতো এ বারও খিচুড়ি, পাঁঠার মাংস, ৯ রকমের ভাজা, পায়েস ও চাটনি সহ এলাহি ভোগের আয়োজন করা হয়েছে।
গত কয়েক বছরে তাঁর জীবনে অনেক কিছু ওলোটপালট হয়েছে। তিহাড় জেলে কাটিয়ে ফেরার পর রাজনৈতিক জীবনেও টানাপোড়েন কম হয়নি। কিন্তু মা কালীর আরাধনা সমান আড়ম্বরের সঙ্গেই করলেন তিনি। তবে অনুব্রত স্মৃতিচারণায় শোনান এক কাহিনি। তিনি বলেন, 'বহু বছর আগে একবার কাজ সেরে ফেরার পথে হঠাৎ গা ছমছম করে উঠল। তারপর থেকে মাকে দোতলায় নিয়ে এলাম। এখানেই পুজোয় হয় এখন। আগে মা থাকত একতলায়।'