Advertisement

বাংলাদেশি ঢুকে যাচ্ছে, বাধা দিতেই ব্যাপক উত্তেজনা, মালদা বর্ডারে হাই অ্যালার্ট জারি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্তের একটি অংশে এখনও কাঁটাতারের বেড়া না থাকায় সেই সুযোগে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতে ঢোকে। বিষয়টি নজরে আসার পর বর্ডার সিকিউরিটি ফোর্স ওই ব্যক্তিদের আটক করে। পরে নিয়ম অনুযায়ী তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jun 2026,
  • अपडेटेड 2:27 PM IST
  • মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
  • জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত সুখদেবপুর সীমান্ত এলাকায় এই ঘটনাকে ঘিরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে টানাপোড়েন দেখা দেয়।

মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত সুখদেবপুর সীমান্ত এলাকায় এই ঘটনাকে ঘিরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে টানাপোড়েন দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্তের একটি অংশে এখনও কাঁটাতারের বেড়া না থাকায় সেই সুযোগে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতে ঢোকে। বিষয়টি নজরে আসার পর বর্ডার সিকিউরিটি ফোর্স ওই ব্যক্তিদের আটক করে। পরে নিয়ম অনুযায়ী তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

কিন্তু সেই প্রক্রিয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ আপত্তি জানায় বলে অভিযোগ। এর জেরে সীমান্ত এলাকায় উত্তেজনা দ্রুত বৃদ্ধি পায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা ও নজরদারি চালাতে হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলের ওপারে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক জড়ো হতে শুরু করেন। ফলে সীমান্তবর্তী এলাকায় চাপা উত্তেজনা আরও বেড়ে যায়। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএসএফ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সীমান্তের ভারতীয় অংশে সাধারণ মানুষের যাতায়াতেও কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সীমান্তের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সীমান্তে লাল পতাকা উত্তোলন করা হয়েছে, যা সাধারণত বিশেষ সতর্কতা বা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির ইঙ্গিত বহন করে। সীমান্ত জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সীমান্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিষয়টি নিয়ে যোগাযোগ বজায় রেখেছে। প্রশাসনও পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে, যাতে কোনওভাবেই আইনশৃঙ্খলার অবনতি না ঘটে এবং সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকে।

 

Read more!
Advertisement
Advertisement