Advertisement

Bankura News: স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিম, গোবর! বাঁকুড়ায় চাঞ্চল্য

মিড ডে মিলের টাকা তছরুপ এবং স্কুল উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ। সেই অভিযোগকে কেন্দ্র করে স্কুলের প্রধান শিক্ষকের উপর চড়াও হলেন স্থানীয়দের একাংশ। অভিযোগ, স্কুল চত্বর থেকে প্রধান শিক্ষককে বাইরে বের করে এনে চেয়ারে বসিয়ে রাখা হয়। তার পর তাঁর দিকে ডিম ছোড়া হয়।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার ওন্দা ব্লকের বাঁকি সেন্দড়া হাইস্কুলে।ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার ওন্দা ব্লকের বাঁকি সেন্দড়া হাইস্কুলে।
স্বপন কুমার মুখার্জি
  • বাঁকুড়া,
  • 24 Aug 2026,
  • अपडेटेड 6:42 PM IST
  • মিড ডে মিলের টাকা তছরুপ এবং স্কুল উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ।
  • প্রধান শিক্ষকের উপর চড়াও হলেন স্থানীয়দের একাংশ।
  • সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক সাধন চন্দ্র পাল।

মিড ডে মিলের টাকা তছরুপ এবং স্কুল উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ। সেই অভিযোগকে কেন্দ্র করে স্কুলের প্রধান শিক্ষকের উপর চড়াও হলেন স্থানীয়দের একাংশ। অভিযোগ, স্কুল চত্বর থেকে প্রধান শিক্ষককে বাইরে বের করে এনে চেয়ারে বসিয়ে রাখা হয়। তার পর তাঁর দিকে ডিম ছোড়া হয়। এমনকি মাথায় গোবরও মাখিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার ওন্দা ব্লকের বাঁকি সেন্দড়া হাইস্কুলে।

স্থানীয় সূত্রে খবর, ওই স্কুলের প্রধান শিক্ষক সাধন চন্দ্র পালের বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই মিড ডে মিলের টাকা তছরুপ এবং স্কুল উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ উঠছিল। অভিযোগকে সামনে রেখে এর আগেও একাধিক বার প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকদের একাংশ।

অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে তদন্তও শুরু করে স্কুল শিক্ষা দফতর। এর মধ্যেই মঙ্গলবার স্কুলে পৌঁছন প্রধান শিক্ষক। অভিযোগ, তাঁকে দেখেই উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়দের একাংশ। তাঁকে স্কুলের ভিতর থেকে বাইরে বের করে আনা হয়। তার পর স্কুলের মূল গেটের বাইরে একটি চেয়ারে বসিয়ে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখানো হয়।

বৃষ্টির মধ্যেই প্রধান শিক্ষককে ঘিরে চলে স্লোগান। স্থানীয়দের একাংশ ‘চোর চোর’ বলে স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ। এর পর প্রধান শিক্ষককে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তাঁর মাথায় গোবর মাখিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশকর্মীরা। স্থানীয়দের দাবি, স্কুলের তহবিলের টাকা আত্মসাৎ করা হয়ে থাকলে সেই টাকা স্কুলে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেই দাবিতেই তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন বলে জানান স্থানীয়দের একাংশ।

তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক সাধন চন্দ্র পাল। তাঁর দাবি, অভিযোগের ভিত্তিতে যে তদন্ত হয়েছে, তাতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। তা সত্ত্বেও কিছু মানুষ তাঁর কাছ থেকে টাকা আদায়ের জন্য মানসিক এবং শারীরিক হেনস্থা করছেন বলে অভিযোগ করেছেন তিনি।

Advertisement

সাধন চন্দ্র পালের বক্তব্য, স্কুলের কোনও তহবিলের টাকা তিনি আত্মসাৎ করেননি। এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেও দাবি করেছেন তিনি। স্থানীয় বাসিন্দা বা অভিভাবকেরা কেন তাঁর সঙ্গে এমন আচরণ করছেন, তা তাঁর জানা নেই বলেও জানিয়েছেন প্রধান শিক্ষক।  

Read more!
Advertisement
Advertisement