
ভাঙড় কলেজে আসতেই বিজেপি নেতা সায়ন্তন বসুকে ঘিরে বিক্ষোভ। সম্প্রতি তাঁকে ভাঙড় কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়। সোমবার কলেজে সায়ন্তন আসতেই গেটের সামনে বিক্ষোভ দেখান SFI ও ISF-এর পড়ুয়ারা। রাস্তায় গাড়িতেই অপেক্ষা করতে থাকেন সায়ন্তন।
অন্যদিকে, কলেজের বাইরে, গেটের কাছে পাল্টা বিক্ষোভে নামে ABVP। দুই পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে পরে কলেজের ভিতরে ঢোকে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভাঙড় মহাবিদ্যালয়ে। গত কয়েক দিন ধরেই এই কলেজে ছাত্র সংগঠনগুলির মধ্যে উত্তেজনার পরিস্থিতি চলছে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ভাঙড় কলেজে ISF এবং ABVP সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে বচসা। পরে তা হাতাহাতিতে গড়ায়। দু’পক্ষের অন্তত আট জন পড়ুয়া আহত হন।
ঘটনায় দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলে। ABVP-র অভিযোগ ছিল, কলেজের একটি কর্মসূচি নিয়ে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপিকার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তাঁদের সদস্যেরা। সেই সময় তাঁদের উপর হামলা হয়। অন্য দিকে ISF-এর পাল্টা দাবি, বাইরে থেকে বিজেপি কর্মীদের নিয়ে এসে কলেজে অশান্তি তৈরির চেষ্টা করা হয়েছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাঙড় থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দু’পক্ষের তরফেই থানায় লিখিত অভিযোগ জমা পড়ে।
গত সপ্তাহেই পদ পান সায়ন্তন
এর মধ্যেই গত সপ্তাহে ভাঙড় কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয় বিজেপি নেতা সায়ন্তন বসুকে। তার পরেই তাঁকে ঘিরে কলেজে নতুন করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি নেতাকে মানতে নারাজ ISF ও SFI-এর পড়ুয়ারা।