
অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যেই অনেক মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে। আবার অনেকে এমনও আছেন, যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। কোনও কোনও জায়গায় অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছে মহিলাদের। আসলে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই মহিলাদের জন্য এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তাই সরকারের পক্ষ থেকে সেই সহায়তা না পেয়ে অনেক মহিলাই রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। তবে স্রোতের বিপরীতে গিয়ে একেবারে অন্য কাজ করলেন এক আদিবাসী মহিলা। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়েও মানুষের জন্য রাস্তা মেরামতি করলেন তিনি। সংসারের চিন্তা ভুলে নিজের ১৭০০ টাকায় রাস্তা সারালেন চা-বিক্রেতা। ইতিমধ্যেই তাঁর এই উদ্যোগের প্রশংসা হচ্ছে গোটা বীরভূম জুড়ে।
বীরভূমের শান্তিনিকেতনে দুর্ঘটনা রুখতে নিজের টাকায় রাস্তা মেরামত করলেন সরস্বতী মান্ডি নামে এক আদিবাসী মহিলা। শান্তিনিকেতনের সোনাঝুরি যাওয়ার পথে রাস্তার পাশে ছোট খাবার ও চায়ের দোকান চালিয়ে সংসার চলে কয়েকজন আদিবাসী মহিলার। পরিবারের সদস্য সংখ্যাও কম নয়। দোকানের আয়ের উপর নির্ভর করেই চলে তাঁদের সংসার। কিন্তু দোকানের সামনের রাস্তার একটি অংশে দীর্ঘদিন ধরে তৈরি হয়েছিল বড় বড় খানাখন্দ। তার জেরে কখনও যাত্রীবাহী টোটো উল্টে যাচ্ছিল তো কখনও আবার পড়ে যাচ্ছিলেন বাইক আরোহীরা। এই দুর্ঘটনা দিনের পর দিন হয়েই চলছিল।
এই পরিস্থিতিতে চোখের সামনে একের পর এক দুর্ঘটনার ঘটনা দেখে শেষ পর্যন্ত উদ্যোগ নেন চা-বিক্রেতা এক আদিবাসী মহিলা। সংসার চালানোর কথা চিন্তা না করে নিজের চা বিক্রির জমানো টাকা থেকে প্রায় ১৭০০ টাকা খরচ করে রাস্তার খানাখন্দ মেরামতের কাজ শুরু করেন তিনি। মহিলা জানাচ্ছেন, এখনও তিনি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাননি। কিন্তু তারপরেও মানুষের নিরাপত্তার কথা ভেবে নিজের সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগ নিয়েছেন ওই মহিলা।
রিপোর্টার-শান্তনু হাজরা