
তৃণমূলের অন্দরের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই কেন্দ্র, নির্বাচন কমিশন এবং বিজেপিকে একযোগে নিশানা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার তিনি অভিযোগ করেন, রামমন্দিরের জন্য সংগৃহীত অর্থ ব্যবহার করেই দেশের বিভিন্ন রাজনৈতিক দল ভাঙানোর চেষ্টা চলছে। একইসঙ্গে তাঁর দাবি, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না, বরং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই কমিশনের কার্যকলাপ পরিচালিত হচ্ছে।
সৌগত রায়ের কথায়, “রামমন্দিরের টাকাতেই বিভিন্ন দল ভাঙার খেলা চলছে। অমিত শাহই নির্বাচন কমিশন চালান। তাঁর নির্দেশেই বেআইনি বৈঠক করা হয়েছে। এখন নির্বাচন কমিশনকে জ্ঞানেশ কুমার চালাচ্ছেন।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
এদিকে, একই দিনে দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। বৈঠক শেষে ঋতব্রত দাবি করেন, দলের নাম বা প্রতীক নিয়ে তাঁদের কোনও বিতর্ক নেই। তাঁর কথায়, “অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমরাই। দলের দুই-তৃতীয়াংশ বিধায়ক, একাধিক প্রাক্তন মন্ত্রী, কাউন্সিলর এবং জেলা পরিষদের সদস্য আমাদের সঙ্গে রয়েছেন।”
ঋতব্রত জানান, গত ২২ জুন তাঁদের ডাকা বিশেষ প্রতিনিধিদের অধিবেশনে অরূপ রায়কে চেয়ারপার্সন এবং আখরুজ্জামানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। সেই সংক্রান্ত সমস্ত নথি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কমিশনের তিন সদস্যের ফুল বেঞ্চের কাছেও তাঁদের অবস্থান স্পষ্ট করে তুলে ধরা হয়েছে।