
বিহার থেকে সদ্য আনা হয়েছিল তাকে। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বক্সার জঙ্গলে ছাড়া হয়েছিল ৩ বছর বয়সী ওই বাঘিনীকে। কিন্তু এক মাসের মধ্যেই ফুরুৎ। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে অসমের জঙ্গলে চলে গিয়েছে সে।
গত ২ অক্টোবর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বক্সার জঙ্গলে এসেছিল ওই বাঘিনী। বক্সায় বাঘের পরিবারের স্থায়ী বসবাস গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু এ রাজ্যে পাকাপাকি থাকার মুড নেই তার। তাই ঘুরতে ঘুরতে এবার অসমের দিকে পাড়ি জমিয়েছে। তাকে খুঁজতে নাজেহাল অবস্থা বন দফতরের।
জানা গিয়েছে, সেই বাঘিনীকে ফিরিয়ে আনতে অসমের রাইমনা জঙ্গলে ঢুকে পড়েছেন খোদ বনমন্ত্রী মনোজ ওঁরাও। বাঘিনীকে ফেরাতে অত্যাধুনিক রেডিওকলার নিয়ে ময়দানে নেমে পড়েছেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিজেই আপলোড করেছেন মনোজ।
মন্ত্রী অবশ্য জানিয়েছেন, বাঘিনী বক্সা ছেড়ে চলে গিয়েছে এমনটা বলা ঠিক নয়। তাঁর দাবি, নিজের এলাকা চিনে নিতে আপাতত রাইমনা জঙ্গলে গিয়েছে সে। এলাকা বুঝে নেওয়ার পর সে আবাক বক্সার জঙ্গলে ফিরে আসবেই। তাই প্রথমেই তার গতিবিধিতে হস্তক্ষেপ করতে চায়নি বন দফতর।
যদিও বেশিদিন হাত গুটিয়ে বসে থাকতেও রাজি নন বনমন্ত্রী। ঘুমপাড়ানি বন্দুক, রেডিওকলার, ড্রোন, দুর্বিন নিয়ে অভিযানে বেরিয়ে পড়েছেন মনোজ ওঁরাও।
বন দফতর সূত্রে খবর, সম্প্রতি এই ৩ বছরের বাঘিনীর গতিবিধিতে কিছু পরিবর্তন লক্ষ করা গিয়েছিল। সে কারণেই সম্ভবত বক্সা ছেড়ে অসমের রাইমনার দিকে পাড়ি দিয়েছে সে। উত্তরবঙ্গ থেকে বন দফতরের বাঘ সংক্রান্ত কাজে অভিজ্ঞ কয়েক জন আধিকারিককেও অসমে পাঠানো হয়েছে বাঘিনীকে ধরে আনতে।