Advertisement

Suvendu Health Sector: চালু হচ্ছে সার্ভিক্যাল ক্যান্সারের টিকা, উত্তরবঙ্গে AIIMS নিয়েও ঘোষণা

আগামী ৩০ মে থেকে রাজ্যে সার্ভিক্যাল ক্যান্সারের টিকাকরণ শুরু। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে উত্তরবঙ্গে এইমস (AIIMS) তৈরির প্রস্তাবও দ্রুত কেন্দ্রের কাছে পাঠানো হবে বলে জানালেন।

সাংবাদিক বৈঠকে একাধিক স্বাস্থ্য প্রকল্পের রোডম্যাপ তুলে ধরেন শুভেন্দু অধিকারী।সাংবাদিক বৈঠকে একাধিক স্বাস্থ্য প্রকল্পের রোডম্যাপ তুলে ধরেন শুভেন্দু অধিকারী।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 May 2026,
  • अपडेटेड 2:21 PM IST
  • আগামী ৩০ মে থেকে রাজ্যে সার্ভিক্যাল ক্যান্সারের টিকাকরণ শুরু।
  • শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারেন।
  • উত্তরবঙ্গে এইমস (AIIMS) তৈরির প্রস্তাবও দ্রুত কেন্দ্রের কাছে পাঠানো হবে বলে জানালেন।

আগামী ৩০ মে থেকে রাজ্যে সার্ভিক্যাল ক্যান্সারের টিকাকরণ শুরু। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে উত্তরবঙ্গে এইমস (AIIMS) তৈরির প্রস্তাবও দ্রুত কেন্দ্রের কাছে পাঠানো হবে বলে জানালেন। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারেন। তারপর সাংবাদিক বৈঠকে একাধিক স্বাস্থ্য প্রকল্পের রোডম্যাপ তুলে ধরেন।

মুখ্যমন্ত্রীর দাবি, এতদিন কেন্দ্রের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের সুবিধা থেকে বাংলার মানুষ বঞ্চিত হয়েছেন।  সেই পরিস্থিতি বদলাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। বলেন, 'স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে যুগান্তকারী পরিবর্তন আনা হবে।'

সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধের টিকাকরণ
মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশ জুড়ে এই কর্মসূচি শুরু করেছিলেন। পশ্চিমবঙ্গের জন্য ইতিমধ্যেই সাত লক্ষের বেশি ভ্যাকসিন ডোজ বরাদ্দ করতে চেয়েছে কেন্দ্র। ১৪ থেকে ১৫ বছর বয়সি কিশোরীদের এই টিকা দেওয়া হবে। আগামী ৩০ মে বিধাননগর সাব-ডিভিশনাল হাসপাতালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন। মুখ্যমন্ত্রী নিজেও সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

উত্তরবঙ্গে এইমস গড়ার পরিকল্পনা
উত্তরবঙ্গে এইমস গড়ার পরিকল্পনার কথাও জানান শুভেন্দু। স্থানীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে আলোচনা করে দ্রুত কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হবে। পাশাপাশি আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান; এই চার জেলায় মেডিক্যাল কলেজ তৈরির প্রস্তাবও পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আয়ুষ্মান ভারত
স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণে আয়ুষ্মান ভারত নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু। জুলাই থেকে বাংলায় আয়ুষ্মান ভারত কার্ড বিলি শুরু হতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী। বর্তমানে স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত ছ’কোটির বেশি মানুষকে ধাপে ধাপে আয়ুষ্মান ভারতের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির নিয়ে কেন্দ্র-রাজ্যের চুক্তিও হতে পারে।

বাংলার জন্য ২,১০৩ কোটি টাকা বরাদ্দ
এ দিনের বৈঠকে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় বাংলার জন্য ২,১০৩ কোটি টাকা বরাদ্দের কথাও জানান মুখ্যমন্ত্রী। এর মধ্যে প্রথম কিস্তিতে ৫০০ কোটি টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে বলে জানান। পাশাপাশি আয়ুষ্মান ভারতের জন্য আরও ৯৭৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সব মিলিয়ে স্বাস্থ্য খাতে প্রায় ৩ হাজার কোটি টাকার অনুমোদন পেয়েছে রাজ্য।

Advertisement

মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে প্রায় ৪৭০ টি করার প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁর দাবি, এতে সাধারণ মানুষের ওষুধের খরচ অনেকটাই কমবে।

এ ছাড়া নবজাতকের মৃত্যু হার, টিবি, কুষ্ঠ এবং স্বাস্থ্য ক্ষেত্রে কর্মীর ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে স্বাস্থ্য ক্ষেত্রে অনুমোদিত পদের তুলনায় মাত্র ৫৩ শতাংশ নিয়োগ হয়েছে বলে জানান। আগামী তিন মাসের মধ্যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ভ্যাকেন্সি পূরণের আশ্বাস দেন শুভেন্দু। 

Read more!
Advertisement
Advertisement