
২৫ থেকে ৬০ বছর বয়সী বিধবা ভাতার প্রাপকদের বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এই বয়সীদের বিধবা ভাতা ছেড়ে অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকা নেওয়ার পরামর্শ দিলেন।
এদিন তিনি বলেন, 'এক্ষেত্রে স্বামীহীনা যাঁরা প্রাপক, তাঁদের উদ্দেশে আমার একটা বার্তা রয়েছে। কাজের কথা। সেটা হল আপনাদের বয়স যাঁদের ২৫ থেকে ৬০-এর মধ্যে, তাঁরা ১৫০০ টাকা স্যারেন্ডার করে ৩ হাজার টাকার অন্নপূর্ণা ভাতা নিন। আপনারা তাহলে ১৫০০ টাকার বদলে ৩০০০ টাকা পাবেন। আপনাদের সুবিধা হবে।'
কোথায় গেলে হবে এই কাজ?
এক্ষেত্রে কোথায় গিয়ে এই কাজটা করতে হবে, সেটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আপনারি মিউনিসিপ্যালিটি বা বিডিও অফিসে গিয়ে কাজটা করুন।'
এমন পরিস্থিতিতে নারী ও শিশুকল্যাণ দফতরকে এই বিষয়টার দিকে নজর রাখতে বলেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে নতুন করে গাউডলাইন দেওয়ার এবং বিষয়টার দিকে নজর দেওয়ার পরামর্শও দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বাড়ানো হল টাকা
আজ থেকেই বাড়ানো হল বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও বিশেষ ভাবে সক্ষমদের দিব্যাঙ্গ ভাতা। এতদিন এই স্কিমগুলিকে ভাতা পাওয়া যেত ১০০০ টাকা। সোমবার থেকে সেই ভাতার পরিমাণ বেড়ে হল ১৫০০ টাকা।
মুখ্যমন্ত্রী জানান, এদিন রাজ্যের মোট ৮২ লক্ষের অ্যাকাউন্টে পৌঁছবে ১৫০০ টাকা। আজকের মধ্যে সবার অ্যাকাউন্টে না পৌঁছালেও, আগামী এক দু'দিনের মধ্যেই এই টাকা ডিবিটি-এর মাধ্যমে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে বলে জানান রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।
বার্ধক্য ভাতার ওয়েটিং লিস্ট বাতিল
এদিন বার্ধক্য ভাতার দুর্নীতির বিষয়টাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই ভাতা দেওয়ার ক্ষেত্রে অনেক দুর্নীতি হয়েছে। অনেকে বয়স বাড়িয়ে বার্ধক্য ভাতা পাচ্ছেন। তাই এই ভাতা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে চাইছেন তিনি।
সেই কারণে গত সরকারের আমলে যেই ওয়েটিং লিস্ট ছিল, সেটা বাদ দিয়ে দিল নতুন সরকার। তার বদলে নতুন করে লিস্ট তৈরি করা হচ্ছে।
রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়
এ দিন অনুষ্ঠানের শুরুতেই রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দেন, পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থার বেহাল দশা হয়েছে বিগত সরকারের জন্য। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। বিশেষত, কেন্দ্রীয় প্রকল্পে টাকা পাওয়ার জন্য রাজ্যের অর্থনীতি ফিরছে বলে দাবি করেন তিনি।