
Chinsurah Old Woman: বয়স্ক মায়ের প্রয়োজন ফুরিয়েছে সংসারে, তাই ঘুমের ওষুধ খাইয়ে মধ্যরাতে রাস্তায় ফেলে রেখে চলে যায় দুই ছেলে। বৃহস্পতিবার রাতে ভাটপাড়ার (Bhatpara) রথতলা এলাকায় বৃদ্ধাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বৃদ্ধার (Old Woman) বাড়ি চুঁচুড়ার (Chinsurah) ঘটকপাড়ায়। অভিযোগ, ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গঙ্গা পার করে ভাটপাড়ায় রথতলা এলাকায় ফেলে দিয়ে আসে পেশায় মাছ ব্যবসায়ী দুই সন্তান। সত্তরোর্ধ ওই বৃদ্ধার নাম উমারানি প্রামাণিক।
শীতের রাতে ঘুম ভাঙতেই তিনি দেখতে পান, মাথার ওপর ছাদটা আর নেই। রাস্তায় কোনও এক দোকানের শাটারের সামনে শুয়ে আছেন, খোলা আকাশের নীচে। কান্নায় ফেটে পড়েন বৃদ্ধা। পরনে একটি নাইটি, একটি সোয়াটার। সঙ্গে একটা বিছানার চাদর। বৃদ্ধার অভিযোগ, দুই ছেলেই তাঁকে অবহেলা করত। তাঁকে নিয়ে দুই ছেলের সংসারে অশান্তিও উঠত চরমে। স্থানীয়দের উমারানি বলেন,'দুই ছেলে আমাকে রাখতে চায় না। বারবার বলত ফেলে দিয়ে আসবে। তাই ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল। কী করে এখানে এলাম মনে নেই।'
স্থানীয়রা বৃদ্ধাকে দেখে ভাটপাড়া পুলিশ স্টেশনে খবর দেয়। অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবপ্রসাদ সরকার ঘটনাস্থলে আসেন। বৃদ্ধার দুই ছেলে টিঙ্কু প্রামাণিক ও মনোজ প্রামাণিক। দুই ছেলের খোঁজ করছে পুলিশ। বৃদ্ধাকে উদ্ধার করার পর ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁকে কোনও বৃদ্ধাশ্রমে রাখা হবে বলে জানান কাউন্সিলর।