
Tarakeswar Yatra 2026: শেওড়াফুলি থেকে তারকেশ্বরের মাঝে প্রতি ৫ কিমি অন্তর সেবাকেন্দ্র। এমনই পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রাবণ মাসে হাজার-হাজার পূণ্যার্থী তারকেশ্বর যান। শেওড়াফুলি থেকে বাঁক কাঁধে ৩০ কিলোমিটার পায়ে হাঁটেন। তাঁদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত, বললেন শুভেন্দু। সোমবার আসন্ন রথযাত্রার বিষয়ে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে রথযাত্রার পাশাপাশি শ্রাবণ মেলা নিয়ে প্ল্যানের বিষয়েও জানান। শুভেন্দু বলেন, 'আমরা বিজেপি শাসিত অন্য় রাজ্যে দেখেছি। শ্রাবণ মেলা বা এমন পূণ্যযাত্রার জন্য বিশেষ আয়োজন করা হয়। এতদিন এ রাজ্যে শুধু ট্রাফিক পুলিশ পাঠিয়েই দায় সারা হত। এবার নতুন সরকার তারকেশ্বর যাত্রার জন্য স্পেশাল ব্যবস্থা নেবে।'
মেডিক্যাল ক্যাম্প, হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি
শুভেন্দু বলেন, 'শেওড়াফুলি থেকে পূণ্যার্থীরা তারকেশ্বর যান। এই রাস্তা কম নয়। প্রায় ৩০ কিলোমিটার। আমাদের উদ্যোগে এই রুটে প্রতি ৫ কিলোমিটার অন্তর সরকারি সেবাকেন্দ্র করা হবে। সেখানে পুলিশের সহায়তা পাবেন। থাকবে টেম্পোরারি মেডিক্যাল ক্যাম্প। বিশ্রাম নেওয়ার জায়গা, রিফ্রেশমেন্টের জন্য জল-ওআরএস-এরও ব্যবস্থা থাকবে।'
শুধু তাই নয়। কানওয়ার যাত্রার স্টাইলে পুষ্পবৃষ্টিরও পরিকল্পনা আছে বলে জানান শুভেন্দু। সাধারণত তারকেশ্বরে প্রতি সোমবার পূণ্যার্থীরা জল ঢালতে যান। তাই সোমবার করে সরকারি হেলিকপ্টারের মাধ্যমে পূণ্যার্থীদের উপর পুষ্পবৃষ্টি করা হবে। এমনই পরিকল্পনার কথা জানালেন শুভেন্দু।
আগামিকাল, ১৪ জুলাই শুভেন্দু তারকেশ্বরে যাবেন বলে জানান। সেখানে প্রস্তুতি কেমন চলছে দেখবেন। মুখ্যমন্ত্রী বলেন, 'তারকেশ্বর মন্দির ও সংলগ্ন এলাকার উন্নয়নে ১৫ কোটি টাকার কাজ করা হচ্ছে। আশা করছি এর ফলে শ্রাবণে সেখানে যাঁরা যাবেন, তাঁদের সুবিধা হবে।'