
ভারী বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। এদিকে, ২১ জুন রেড রোডে বর্ণাঢ্য যোগ দিবসে যোগ দিতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে রবিবার ভোরে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে যোগ দিবসে যোগ দিতে আসবেন। রবিবারও শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি যোগ দিবসের অনুষ্ঠান পণ্ড করতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য প্রশাসন? সাংবাদিক বৈঠকে উত্তর দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রীর সফর ঠিকভাবেই হবে। নির্ধারিত দিনে ভালোভাবেই যোগ দিবস পালিত হবে বলে আশা করছি। পশ্চিমবঙ্গ দিবসও নির্ধারিত দিনেই হবে। প্রধানমন্ত্রীর ব্যবস্থার সঙ্গে কেন্দ্র ও রাজ্য প্রশাসন যৌথভাবে কর্মসূচি পরিচালনা করছেন। আধিকারিক, কেন্দ্রীয় মন্ত্রীরা শহরে থেকে কাজ করছেন। বর্ষা এই সময়ে হয়। সমস্যা হয়। সমস্যার সমাধান করতে হয়। সরকারকে তৎপর থাকতে হয়। আগের সরকার তৎপর ছিল না।"
মমতার সরকারকে বিঁধে বলেন, "আগের সরকার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলে কোনও সরকারি আধিকারিক যায় না। অন্যরা যেতে চাইলে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়। উত্তরবঙ্গে যখন জলের তোড়ে ভেসে যায়, পুরো প্রশাসনকে আটকে রেখে রেড রোডে কার্নিভাল করা হয়। আমাদের সরকার ভোর ৬টা থেকে কাজ করছে।"
আন্তর্জাতিক যোগ দিবসে ২১ জুন কলকাতার রেড রোডে মূল কার্যক্রম হবে। মূল কার্যক্রমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন। অংশগ্রহণের শেষ সময় ৬টা ১৫ মিনিট। এর আধ ঘণ্টা পর প্রধানমন্ত্রী রেড রোডে যোগাভ্যাসে অংশ নেবেন। এই অনুষ্ঠানে ইতিমধ্যে ৩৮ হাজার নাম নথিভুক্ত হয়েছে।