
অতি প্রবল ঘূর্ণিঝড় আকভান ইতিমধ্যেই শক্তি হারিয়েছে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তারপরও দুর্যোগ রয়েছে অব্যাহত। আকভানের প্রভাবে ২০ নভেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। এমনটাই জানিয়েছে আইএমডি।
ঘূর্ণিঝড় এখন কোথায়?
বিষয়টা নিয়ে বিশদে জানিয়েছে আবহাওয়া দফতর। সকালের লেটেস্ট বুলেটিনে আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড় আকভান পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে ঘণ্টায় ২১ কিলোমিটার গতিবেগে এগিয়েছে। গত ৬ ঘণ্টায় শক্তি হারিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি। আজ, ২০ নভেম্বর ২০২৬, রাত ২টো ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টি একই অঞ্চলে অবস্থান করছিল। সেই সময় এর অবস্থান ছিল ১৭.৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪.৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ১৭০ কিলোমিটার পূর্বে, ওড়িশার গোপালপুর থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণে, পুরী থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে ৩৭০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে অবস্থান করছিল।
এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ২০ নভেম্বর, শুক্রবার বেলা হওয়ার আগেই অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং ওড়িশার দক্ষিণ উপকূলের মধ্যবর্তী গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার থাকতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
সর্বশেষ উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ঘূর্ণিঝড় আকভান-এর সঙ্গে যুক্ত মেঘ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলের দিকে প্রবেশ করতে শুরু করেছে। অর্থাৎ, স্থলভাগের সঙ্গে ঘূর্ণিঝড়টির সংযোগ ইতিমধ্যেই শুরু হয়েছে।
ইতিমধ্যেই বিশাখাপত্তনম ও গোপালপুরের ডপলার আবহাওয়া রাডারের মাধ্যমে ঘূর্ণিঝড়টির গতিবিধির উপর লাগাতার নজরদারি চালাচ্ছে আবহাওয়া দফতর।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
ভোর থেকে নিরন্তর বৃষ্টি চলছে কলকাতায়। আর আজকের আবহাওয়া এমনটাই থাকবে বলে মনে করছে আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাসে জানান হয়েছে, দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনকী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও কয়েকটি জায়গায় অল্প সময়ের জন্য বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। তাই আজ অফিসে একান্তই যেতে হলে রেনকোট, ছাতা হল মাস্ট।
দক্ষিণবঙ্গে কোন জেলায় কী হবে?
ঘূর্ণিঝড় আকভানের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। তবে সর্বত্র একই ধরনের দুর্যোগের সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের এক-দু’টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই সব জায়গায় ৭-২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।
এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার কিছু জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবিদ্যুতের সতর্কতাও রয়েছে।
এদিকে আবার উত্তর ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বয়ে যেতে পারে। কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে।
উত্তরবঙ্গে কী হবে?
আজ উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে হবে বৃষ্টি। যদিও দক্ষিণবঙ্গের মতো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মতো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারেও বর্ষণের আশঙ্কা রয়েছে।