Advertisement

Cyclone Akvan Update: শক্তি বাড়ছে 'আকভানে'র, পশ্চিমবঙ্গে কবে বৃষ্টি? যা জানালেন আবহাওয়াবিদ

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা জানালেন, আগামী ১৬ থেকে ২০ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

পশ্চিমবঙ্গের আবহাওয়াপশ্চিমবঙ্গের আবহাওয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Nov 2026,
  • अपडेटेड 9:58 PM IST
  • বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’।
  • ১৬ থেকে ২০ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা জানালেন, আগামী ১৬ থেকে ২০ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ১৯ নভেম্বর সকালে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে।  

মঙ্গলবারের হিসেব অনুযায়ী, ঘূর্ণিঝড় দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। কলকাতা থেকে এর দূরত্ব প্রায় ১২০০ কিলোমিটার। পুরী থেকে ৯০০, বিশাখাপত্তনম থেকে ৭৫০ এবং চেন্নাই থেকে প্রায় ৭২০ কিলোমিটার দূরে রয়েছে সেটি। ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার গতিতে এগোচ্ছে। কেন্দ্রের বায়ুচাপ প্রায় ১০০০ হেক্টোপাস্কাল। সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। বজ্রগর্ভ মেঘের ঘনত্বও বাড়ছে। 

রবীন্দ্রের পূর্বাভাস, প্রথমে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পরে উত্তর-পশ্চিম এবং উত্তর-উত্তর-পশ্চিম দিকে বাঁক নিতে পারে ঘূর্ণিঝড়টি। স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাব্য এলাকা অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূল। ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা আপাতত কম। তবে ১৯ নভেম্বর সমুদ্রের উপর উত্তর-উত্তর-পূর্ব দিকে বাঁক নিলে পরিস্থিতি বদলাতে পারে।

১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত উপকূলবর্তী এলাকায় বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। ১৮ নভেম্বর থেকে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।

কলকাতায় বুধবার রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কোথাও কোথাও অল্প সময়ের জন্য জোরে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। মেঘ-বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা কমে সাময়িক ভাবে শীতের আমেজ ফিরতে পারে। তবে পরের সপ্তাহের মাঝামাঝি থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমলে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা।

আবহবিদের মতে, ১৮ থেকে ১৯ নভেম্বরের মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি প্রবল বা অতি প্রবল রূপ নিতে পারে। ২০ থেকে ২১ নভেম্বরের মধ্যে অন্ধ্রপ্রদেশ-উত্তর তামিলনাড়ু উপকূলে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। স্থলভাগে ঢোকার পর জলীয় বাষ্পের জোগান কমে যাওয়া, উত্তরের শীতল হাওয়া এবং পূর্বঘাট পর্বতমালার বাধায় দ্রুত শক্তি হারাতে পারে সেটি।

Advertisement

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে শুধু উপকূল নয়, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, তেলঙ্গানা এবং উত্তর-পূর্ব ভারতের কিছু এলাকাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সিকিম, উপ-হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ ও অরুণাচল প্রদেশের কিছু উঁচু এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতও হতে পারে। ঘূর্ণিঝড়ের চূড়ান্ত গতিপথের উপরেই বৃষ্টির পরিমাণ নির্ভর করছে। 

Read more!
Advertisement
Advertisement