Advertisement

Cyclone Arnab Rain: অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অর্ণব, আজ রাজ্যের কোন কোন জেলায় তুমুল ঝড়বৃষ্টি?

শক্তি বাড়িয়ে নিয়েছে অর্ণব। পরিণত হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। যার ফলে পশ্চিমবঙ্গের আবহাওয়া বিগড়ে যাবে। এমন পরিস্থিতিতে কোন কোন জেলায় তীব্র বৃষ্টি হবে? জেনে নিন আবহাওয়ার আইএমডি আপডেট।

অর্ণবের জন্য কোথায় কোথায় ঝড়বৃষ্টি?অর্ণবের জন্য কোথায় কোথায় ঝড়বৃষ্টি?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Oct 2026,
  • अपडेटेड 6:23 AM IST
  • শক্তি বাড়িয়ে নিয়েছে অর্ণব
  • পরিণত হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়ে
  • যার ফলে পশ্চিমবঙ্গের আবহাওয়া বিগড়ে যাবে

ঘূর্ণিঝড় অর্ণব আরও শক্তি বাড়াচ্ছে। এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বুধবার, ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ উপকূলে এর ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সবশেষ আপডেটে এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি। যার প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া বিগড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার থেকেই শুরু হবে দুর্যোগ। একাধিক জেলা ভিজবে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন আজ কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া।

এখন কোথায় রয়েছে ঘূর্ণিঝড়? 
২৬ অক্টোবর, ২০২৬, রাত ১১টা ৩০ মিনিটে সর্বশেষ বুলেটিন দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি। সেখানে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় অর্ণব আরও শক্তি বাড়িয়ে নিয়েছে। এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ২৮ অক্টোবর অন্ধ্র উপকূলে এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে।

এই বুলেটিন প্রকাশিত হওয়ার আগের ৬ ঘণ্টায় ২৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টি। ২৬ অক্টোবর, ২০২৬-এর রাত ১১টা ৩০ মিনিটে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের একই অঞ্চলে অবস্থান করছিল। সেই সময় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল ১৫.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬.০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

ঘূর্ণিঝড়টি বর্তমানে ওড়িশার গোপালপুর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কাকিনাড়া থেকে ৪২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। এছাড়া, মছলিপত্তনম থেকে ৫২০ কিলোমিটার পূর্বে, বাপটলা থেকে ৫৯০ কিলোমিটার পূর্বে এবং আন্দামান দ্বীপপুঞ্জের শ্রী বিজয়পুরম থেকে ৮৭০ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে রয়েছে ঘূর্ণিঝড়টি।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২৭ অক্টোবর সন্ধে পর্যন্ত পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে ঘূর্ণিঝড় অর্ণব। এরপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তারপর ২৮ অক্টোবর সকালে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মাঝামাঝি বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যে, ইয়ানামের কাছাকাছি এলাকায় আছড়ে পড়তে পারে অতি প্রবল ঘূর্ণিঝড়টি।

অর্ণবের যখন ল্যান্ডফল হবে, তখন প্রচণ্ড বেগে ঝড় বয়ে যেতে পারে। এক্ষেত্রে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার থাকতে পারে। আর দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

Advertisement

পশ্চিমবঙ্গের আবহাওয়ার কী খবর? 
অর্ণবের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও। এক্ষেত্রে মঙ্গলবার, ২৭ অক্টোবর দক্ষিণবঙ্গের অনেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

২৮ অক্টোবর, বুধবার ল্যান্ডফল করবে অর্ণব। তাই দক্ষিণবঙ্গের আবহাওয়ার আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বর্ষণ হতে পারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবরও হাওয়া বদল হবে না। বরং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে।  কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

আবার বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার বদল হতে পারে। শুরু হতে পারে ভারী বৃষ্টি। বিশেষত,  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৩১ অক্টোবর পর্যন্তই বৃষ্টি হবে। 
 

 

Read more!
Advertisement
Advertisement