Advertisement

Cyclone Arnab Depression Rain: অর্ণব শক্তি হারিয়ে এখন নিম্নচাপ, কলকাতা সহ কোন কোন জেলায় বৃষ্টির অ্যালার্ট?

ইতিমধ্যেই শক্তি হারিয়ে ফেলেছে ঘূর্ণিঝড় অর্ণব। এটি পরিণত হয়েছে নিম্নচাপে। যার ফলে কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ঠিক কোথায় কেমন থাকবে আবহাওয়া? আইএমডি আপডেট জেনে নিন।

সাইক্লোন অর্ণব থেকে কোথায় কোথায় বৃষ্টি? (ছবি: গেটি ও পিক্সেলস)সাইক্লোন অর্ণব থেকে কোথায় কোথায় বৃষ্টি? (ছবি: গেটি ও পিক্সেলস)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Oct 2026,
  • अपडेटेड 10:46 AM IST
  • ইতিমধ্যেই শক্তি হারিয়ে ফেলেছে ঘূর্ণিঝড় অর্ণব
  • এটি পরিণত হয়েছে নিম্নচাপে
  • কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে

অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব এবার পরিণত হয়েছে নিম্নচাপে। সকাল সাড়ে ৫টার সর্বশেষ আপডেট অনুযায়ী, এই গভীর নিম্নচাপটি উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা, দক্ষিণ ছত্তিশগড় ও উত্তর-পূর্ব তেলঙ্গানার উপর অবস্থান করছে। যার প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের আবহাওয়ায়। কলকাতায় বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ভিজছে একাধিক জেলা। তাই ঝটপট জেনে নিন আজ ঠিক কোন কোন জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

কোথায় রয়েছে নিম্নচাপ? 
ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি শেষ আপডেটে জানিয়েছে, গত ৬ ঘণ্টায় প্রায় ২২ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে মোটামুটি উত্তর দিকে এগিয়ে অর্ণব শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, সকাল ৫টা ৩০ মিনিটে নিম্নচাপটি দক্ষিণ ছত্তিশগড় ও সংলগ্ন দক্ষিণ ওড়িশার উপর অবস্থান করছিল। এর কেন্দ্রস্থল ছিল ১৯.০° উত্তর অক্ষাংশ এবং ৮১.৯° পূর্ব দ্রাঘিমাংশে। এটি ছত্তিশগড়ের জগদলপুরের ২০ কিলোমিটার পশ্চিমে, ওড়িশার ভবানীপাটনার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, টিটিলাগড়ের ২১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, রায়পুরের ২৫০ কিলোমিটার দক্ষিণে এবং সম্বলপুরের ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি মোটামুটি উত্তর দিকে এগিয়ে যাবে। আজ, ২৯ অক্টোবর সন্ধ্যার দিকে আরও শক্তি হারিয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। রায়পুর ও সম্বলপুরের ডপলার ওয়েদার ব়্যাডারের মাধ্যমে ওয়েদার সিস্টেমটির উপর লাগাতার নজরদারি চালানো হচ্ছে।

দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ
ওদিকে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় বুধবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। সেটির প্রভাবে বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, সকাল ৫টা ৩০ মিনিটে ওই একই অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপে পরিণত হতে পারে।

Advertisement

আর এই দুই আবহাওয়া সিস্টেমের জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে। 

দক্ষিণবঙ্গে কোথায় কেমন আবহাওয়া?
ইতিমধ্যেই বিষয়টা নিয়ে আপডেট দিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভাল বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এমনকী কিছু জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। এছাড়া হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

কলকাতায় কী হবে? 
অর্ণব এখন নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাব পড়ছে কলকাতাতেও। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। ঝির ঝির করে বৃষ্টি হয়ে চলেছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে পারে। যদিও দুপুরের পর আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। 

উত্তরবঙ্গেও কি বৃষ্টি হবে?
এই নিম্নচাপের জন্য উত্তরবঙ্গের আবহাওয়াতেও বড়সড় পরিবর্তন হতে পারে। দার্জিলিং ও জলপাইগুড়ির কিছু এলাকায় বৃষ্টি হবে। সেই সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবারও সব জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। 

 

Read more!
Advertisement
Advertisement