
মঙ্গলবার মধ্যরাতে ল্যান্ডফল করেছে সাইক্লোন মুরাসু। আবহাওয়া দফতর জানিয়েছে, এই প্রবল ঘূর্ণিঝড় মঙ্গলবার ভোর ৩.৩০ থেকে ৫.৩০টার মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। তাতেই চরম বিপর্যয়ের মুখোমুখি হয়েছে রাজ্যটি। তবে এখনও পশ্চিমবঙ্গে মুরাসুর তেমন একটা প্রভাব পড়েনি। কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হল, ঠিক কেমন থাকবে রাজ্যের আগামিকালের আবহাওয়া? বৃষ্টি কি হবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে? নাকি ঠান্ডার আমেজ থাকবে বাংলায়? আসুন আবহাওয়ার লেটেস্ট আপডেট জেনে নেওয়া যাক।
এখন কী অবস্থায় ঘূর্ণিঝড়?
এই বিষয়টা নিয়ে জানিয়েছে ভারতীয় আবহাওয়া সংস্থা বা আইএমডি। তাদের লেটেস্ট আপডেট অনুযায়ী, বর্তমানে দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপর অবস্থান করছে ঘূর্ণিঝড় মুরাসু। গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ৭ কিলোমিটার গতিবেগে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে এটি। মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, বিকেল সাড়ে ৫টা নাগাদ ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপর।
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, বিজয়ওয়াড়া থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, নন্দীগামা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, তেলঙ্গানার নালগোন্ডা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, খাম্মাম থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে এবং ভদ্রাচলম থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫-৭৫ কিলোমিটার। দমকা হাওয়ার বয়েছে ঘণ্টায় ৮৫ কিলোমিটার পর্যন্ত।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড় মুরাসু উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোবে। যদিও আজ, ৩ নভেম্বর মধ্যরাতের মধ্যে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫৫-৬৫ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৭৫ কিলোমিটার পর্যন্ত।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মুরাসির প্রভাব সরাসরি বাংলার উপর পড়ছে না। তাই বৃষ্টি নিয়ে খুব একটা মাথা ব্যথার প্রয়োজন নেই।
আবহাওয়া দফতরের আপডেট, বুধবার সকাল থেকেই আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে বেলা বাড়তেই মেঘের দেখা মিলবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে। আগামিকালের পর থেকে ধীরে ধীরে কমে যাবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।
কলকাতায় কী হবে?
কলকাতাতেও বুধবার থেকে হাওয়া বদল হবে। রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়ার দেখা মিলবে। রাতের দিকে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা। যার ফলে ঠান্ডার অনুভূতি মিলবে বলেই মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গের আগামিকালের আবহাওয়া?
দক্ষিণের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও ধীরে ধীরে বদলে যাবে আবহাওয়া। কমবে বৃষ্টি। বুধবার থেকে রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। যার ফলে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। আগামিকালের পর থেকে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল।
কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা প্রবল
তবে একটা খারাপ খবর দিই। কালীপুজোর সময় কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে। ওই সময় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে আগামিদিনে আরও আপডেট দেওয়া হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাই এখন থেকে টেনশন নেবেন না।