
বঙ্গোপসাগরের উপর থেকে নিম্নচাপ যেন সরছেই না। একের পর এক নিম্নচাপ দেখা যাচ্ছে বে অফ বেঙ্গলের উপর। তবে এবার কিছুটা স্বস্তি। পশ্চিমবঙ্গ উপকূলে নয়, বরং তার থেকে বেশ অনেকটা দূরেই ঘনিয়েছে এই নিম্নচাপ।
নিম্নচাপের বিষয়ে জানুন
বর্তমানে এই নিম্নচাপ অবস্থান করছে উপকূলীয় মায়ানমার এবং সংলগ্ন পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর। গতাকল নিম্নচাপটি ঘণ্টায় প্রায় ২৮ কিলোমিটার গতিবেগে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টা নাগাদ এটি উপকূলীয় মায়ানমার এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল। এর অবস্থান ছিল ২০.২° উত্তর অক্ষাংশ এবং ৯৫.২° পূর্ব দ্রাঘিমাংশের কাছে।
মায়ানমারের মিনবু থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে, ন্যাউং-উ থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, মোনিওয়া থেকে ২১০ কিলোমিটার দক্ষিণে এবং গাঙ্গাও থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল নিম্নচাপটি।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার নিম্নচাপটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উপকূলীয় মায়ানমার এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরের ২৪ ঘণ্টায় এটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন মায়ানমার, মিজোরাম, ত্রিপুরা ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যেতে পারে। একইসঙ্গে ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর প্রভাব রাজ্যে কতটা?
এরফলে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত মায়ানমার-বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা দমকা হাওয়ার ক্ষেত্রে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।পশ্চিমবঙ্গ উপকূলের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে ২৯ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলের কাছাকাছি ও সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ কলকাতা ও জেলায় আবহাওয়া কেমন থাকবে?
কলকাতার আবহাওয়া: এদিন দিনভর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ সাধারণত মেঘলা হয়ে যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কোনও প্রভাব নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া: আজ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের সব জেলাতেও দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।