
পুজোর হাতে গোনা বাকি আর ঠিক ১২ দিন। এই হাতে পাওয়া এক ডজন ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যবাসীর জন্য সুখবর। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, উমা আসার আগেই বাংলা থেকে বাজছে বর্ষা বিদায়ের ঘণ্টি। বিশেষ করে দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া।
শুক্রবার সন্ধ্যাবেলায় আবহাওয়া দফতরের রিপোর্টে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। যার জেরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। তবে এক বা দুটি স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যেমন গতকালই উত্তর ২৪ পরগনা জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবার উত্তরবঙ্গেরও এক বা দুটি স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আজ শনিবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়ার গতি প্রকৃতি দেখে অনুমান করা যেতে পারে, আগামী কয়েকদিন, অন্তত ১০ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা থাকবে শুষ্কই। তবে কিছু কিছু অঞ্চলে দুপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
পুজোর আবহাওয়া কেমন থাকবে?
শুক্রবার আবহাওয়া দফতর জানিয়েছে, ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নেবে। ফলে দুর্গাপুজোর আগে আবহাওয়া “বেশিরভাগই শুষ্ক” থাকার সম্ভাবনা রয়েছে। তবে পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের এক আধিকারিক। তবে পুজোর আগে পর্যন্ত আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে।
আজ কলকাতায় আবহাওয়া কেমন থাকবে?
এদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ।