
তৃণমূল সরকারের উদাসীনতার কারণেই পশ্চিমবঙ্গের উন্নয়নের গতি দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, কেন্দ্রের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রাজ্যে বাস্তবায়িত হতে না দেওয়ায় বহু এলাকা পরিকল্পিত নগর উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তবে এবার ডবল ইঞ্জিন সরকার সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার সমাজমাধ্যমে করা এক পোস্টে শমীক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক সংঘাত নয়, উন্নয়ন দেখতে চান। সেই লক্ষ্যেই আধুনিক ও সুপরিকল্পিত নগর পরিকাঠামো গড়ে তুলতে নতুন সরকার কাজ করবে।
বিজেপি নেতার দাবি, ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার রাজ্যের ৭৮০টি ‘সেনসাস টাউন’-কে নগর প্রশাসনের আওতায় এনে পরিকল্পিত উন্নয়নের সুযোগ করে দিতে চেয়েছিল। এর মাধ্যমে উন্নত রাস্তা, নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্ট্রিট লাইটের মতো নাগরিক পরিষেবাগুলিকে আরও শক্তিশালী করা সম্ভব হতো কেন্দ্রীয় আর্থিক সহায়তার মাধ্যমে।
কিন্তু তৎকালীন রাজ্য সরকারের অনীহার কারণে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, এর ফলে দ্রুত জনবসতি বৃদ্ধি পাওয়া বহু অঞ্চল আজও অপরিকল্পিত নগরায়নের সমস্যায় জর্জরিত। প্রয়োজনীয় নাগরিক পরিষেবা ও পরিকাঠামো না থাকায় সেসব এলাকার বাসিন্দারা উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হয়েছেন।
শমীক ভট্টাচার্য আরও বলেন, নতুন সরকার কেন্দ্রের অর্থ, প্রযুক্তি এবং পরিকল্পনাকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গকে আধুনিক ও বাসযোগ্য নগর ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাবে। অতীতে যে সুযোগগুলি হাতছাড়া হয়েছে, ভবিষ্যতে তা আর হতে দেওয়া হবে না বলেও তিনি আশ্বাস দেন।
রাজ্য বিজেপি সভাপতির দাবি, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক অনীহা নয়, প্রশাসনিক সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই সদিচ্ছা নিয়েই নবনির্বাচিত সরকার উন্নত ও আধুনিক পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে এগিয়ে চলবে।