Advertisement

Siliguri To Mirik Alternate Route: দুধিয়া ব্রিজ ভেঙে শিলিগুড়ি-মিরিক যান চলাচল স্তব্ধ, কোন বিকল্প রুট ধরবেন? জানাল দার্জিলিং পুলিশ

ভারী বৃষ্টির জেরে দার্জিলিং জেলার গুরুত্বপূর্ণ দুধিয়া ব্রিজ ভেঙে গিয়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং ও মিরিকে যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। শিলিগুড়ি এবং মিরিকের মধ্যে যাতায়াত করতে গেলে এবার কোন রুট ধরবেন? বিজ্ঞপ্তি দিয়ে তা-ও জানিয়ে দিল দার্জিলিং পুলিশ।

ভেঙে গেল দুধিয়া ব্রিজ ভেঙে গেল দুধিয়া ব্রিজ
Aajtak Bangla
  • শিলিগুড়ি ,
  • 20 Jun 2026,
  • अपडेटेड 10:06 AM IST
  • দুধিয়া ব্রিজ ভেঙে গিয়েছে
  • শিলিগুড়ি থেকে দার্জিলিং ও মিরিকে যান চলাচল স্তব্ধ
  • যাতায়াত করতে গেলে এবার কোন রুট ধরবেন?

অবিরাম ভারী বৃষ্টির জেরে দার্জিলিং জেলার গুরুত্বপূর্ণ দুধিয়া ব্রিজ ভেঙে গিয়েছে। এর ফলে শিলিগুড়ি থেকে দার্জিলিং ও মিরিকে যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। বড়সড় প্রভাব পড়েছে এলাকার জনজীবনে। বিপাকে পড়েছেন পর্যটকরাও। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক রুটে যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তবে শিলিগুড়ি এবং মিরিকের মধ্যে যাতায়াত করতে গেলে এবার কোন রুট ধরবেন? বিজ্ঞপ্তি দিয়ে তা-ও জানিয়ে দিল দার্জিলিং পুলিশ। 

দুধিয়া ব্রিজের ক্ষতির পাশাপাশি পাহাড়ের বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে। তবে রাস্তা পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

ভূমিধস এবং রাস্তার ক্ষতির কারণে দার্জিলিং ও কালিম্পং জেলার একাধিক এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দার্জিলিং জেলা পুলিশ একটি বিশেষ ট্রাফিক অ্যাডভাইজ়ারি জারি করেছে।

পুলিশ জানিয়েছে, দুধিয়া নদীর উপর নির্মিত অস্থায়ী সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত শিলিগুড়ি, মিরিক, দার্জিলিং ও কার্শিয়াংয়ের মধ্যে যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করতে হবে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে সুকনা টিসিপি মোড় থেকে কার্শিয়ং পর্যন্ত ১১০ নম্বর জাতীয় সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিকল্প রুটগুলি কী কী? 

> মিরিক থেকে শিলিগুড়িগামী গাড়িগুলিকে মিরিক–সুখিয়াপোখরি–ঘুম–কার্শিয়ং হয়ে চলাচল করতে হচ্ছে।

> শিলিগুড়ি থেকে মিরিকমুখী গাড়িগুলিকে সুকনা টিসিপি মোড় থেকে রোহিণী মোড়, কার্শিয়ং ও ঘুম হয়ে যেতে হবে।

> কার্শিয়ং থেকে শিলিগুড়িগামী গাড়িগুলিকে পঙ্খাবাড়ি রোড হয়ে গাড়িধুরা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

 

> শিলিগুড়ি থেকে দার্জিলিং ও কার্শিয়ংমুখী গাড়িগুলিকেও সুকনা টিসিপি মোড় থেকে রোহিণী মোড় হয়ে বিকল্প পথে পাঠানো হবে।

> মিরিক, দার্জিলিং ও কার্শিয়ং থেকে শিলিগুড়িগামী সমস্ত পণ্যবাহী যানকে কার্শিয়াং জিরো পয়েন্ট থেকে রোহিণী রোড ব্যবহার করতে হবে।

Advertisement

> শিলিগুড়ি থেকে মিরিক, দার্জিলিং ও কার্শিয়ংগামী পণ্যবাহী যানবাহনকে সুকনা টিসিপি মোড় ও রোহিণী মোড় হয়ে চলাচল করতে হবে।

দার্জিলিং পুলিশের তরফে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ট্রাফিক ব্যবস্থা বলবৎ থাকবে। প্রাথমিকভাবে অন্তত ৪ সপ্তাহ ঘুরপথে যান চলাচলের সম্ভাবনা রয়েছে।

এদিকে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের পরিস্থিতির কথা মাথায় রেখে পর্যটকদের জন্য বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পং সফরে যাওয়া পর্যটকদের স্থানীয় প্রশাসনের পরামর্শ মেনে চলার এবং আবহাওয়ার আপডেটের উপর নজর রাখার অনুরোধ জানিয়েছে পুলিশ।

পর্যটকদের জন্য হেল্পলাইন নম্বরগুলি হলো—

📞 1800-2121-655 (Toll-Free)

📞 0353-2513986

 

Read more!
Advertisement
Advertisement