
ভোরেই উত্তরবঙ্গের বিস্তির্ণ এলাকায় ভূমিকম্প। কেঁপে উঠল দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জেলা। আজ ভোর ৪টে নাগাদ কম্পন অনুভূত হয়েছে।
যতদূর খবর, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল। সিকিমের নেপাল সীমান্তের খুব কাছেই ভূমিকম্পটি হয়েছে। যার ফলে কেঁপেছে উত্তরবঙ্গ থেকে শুরু করে সিকিম, বিহার, নেপাল এবং ভুটান। এমনকী প্রতিবেশী বাংলাদেশেও অনুভূত হয়েছে কম্পন।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলির তথ্য অনুযায়ী, আজ ভোর ৪টা ৩৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পের মাত্র ছিল ৪.৬। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
ভোরের দিকে হয় ভূমিকম্পটি। সেই সময় অনেকেই ঘুমের মধ্যে ছিলেন বলে মনে করছে প্রশাসন। তবে জেগে থাকা বহু মানুষ কম্পন অনুভব করেন। হঠাৎ কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। অনেকেই নিরাপত্তার জন্য বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নেপালের এই ভূমিকম্পে বড়সড় বিপর্যয়ের আশঙ্কাও মেলেনি।
যতদূর খবর, সিকিমের ইয়কসম থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। তাই সিকিমের বিভিন্ন ভাল কম্পন অনুভূত হয়। পশ্চিমবঙ্গের উত্তরের একাধিক জেলাতেও কেঁপে ওঠে মাটি। ও দিকে আবার বাংলাদেশের কয়েকটি এলাকাতেও মৃদু কম্পন টের পাওয়া যেতে পারে।
উল্লেখ্য গত জুনেও ভূমিকম্পে কেঁপেছিল উত্তরবঙ্গ। সেই বার কম্পনের উৎসস্থল ছিল ভুটান। রাজধানী থিম্পু থেকে প্রায় ২২ কিমি দূরে হয়েছিল ভূমিকম্পটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। সীমান্তবর্তী এলাকায় কম্পন হওয়ায় ভারত, চিন, বাংলাদেশ ও নেপালের বিভিন্ন জায়গায় তা অনুভূত হয়েছিল। উত্তরবঙ্গের পাশাপাশি অসম ও মেঘালয়েও কেঁপে উঠেছিল মাটি।