Advertisement

Madhuchanda Kar Interview: এত বড় দায়িত্ব ও ডাক্তারি একসঙ্গে পারবেন? বিজেপির সহ সভাপতি হয়ে bangla.aajtak.in-কে যা বললেন মধুছন্দা

বিজেপির জাতীয় সহ সভাপতি হয়েছেন বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ডা: মধুছন্দা কর। দায়িত্ব পেয়েই bangla.aajtak.in-কে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। জেনে নিন তাঁর আগামীর পরিকল্পনা।

বিজেপির জাতীয় সহ সভাপতি মধুছন্দা করবিজেপির জাতীয় সহ সভাপতি মধুছন্দা কর
সায়ন নস্কর
  • কলকাতা,
  • 17 Aug 2026,
  • अपडेटेड 7:22 PM IST
  • বিজেপির জাতীয় সহ সভাপতি হয়েছেন বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ডা: মধুছন্দা কর
  • দায়িত্ব পেয়েই bangla.aajtak.in-কে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি
  • জেনে নিন তাঁর আগামীর পরিকল্পনা

নতুন করে কেন্দ্রীয় কমিটি সাজিয়েছে বিজেপি। সেই নতুন টিমে জায়গা করে নিয়েছেন বাংলার মধুছন্দা কর এবং মনোজ টিগ্গা। আর তাৎপর্যপূর্ণভাবে জাতীয় সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন মধুছন্দা। 

প্রসঙ্গত, পেশায় ক্যান্সার চিকিৎসক মধুছন্দা। তিনি দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য ছিলেন। রাজনৈতিক কেরিয়ারে পোলিং এজেন্ট হয়েছেন। বুথ স্তরে কাজ করেছেন। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ২০২১ সালে রাজ্য বিজেপির সহ সভাপতির দায়িত্ব পান। সেই সঙ্গে বিজেপির চিকিৎসক সংগঠনের কাজও দীর্ঘদিন ধরেই সামলে আসছেন। পাশাপাশি সমান তালে ডাক্তারি করে চলেছেন কলকাতা মেডিক্যাল কলেজের এই প্রাক্তনী। বর্তমানে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে অঙ্কোলজি বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন।

আর এহেন মধুছন্দার উপরই কেন্দ্রীয় সহ সভাপতির দায়িত্ব তুলে দিল বিজেপি। আর নয়া দায়িত্ব কাঁধে নিয়ে যেমন আনন্দিত, তেমনই আত্মবিশ্বাসী এই বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক। bangla.aajtak.in-কে তিনি বলেন, 'অবশ্যই ভীষণ আনন্দ হচ্ছে। এত বড় একটা সুযোগ ও দায়িত্ব ভারতীয় জনতা পার্টি দিয়েছে। এটা সারা পৃথিবীর সবচেয়ে বড় দল। সেখান থেকে পেলাম। নিশ্চয়ই চেষ্টা করব সুষ্ঠুভাবে, নিষ্ঠা করে এই যে গুরুদায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে, সেটাকে ঠিকমতো পালন করতে। দলকে এগিয়ে নিয়ে যেতে। আশা করি সকলের শুভেচ্ছায় আর শুভকামনায় সেটা সম্ভব হবে।'

পাশাপাশি তিনি দলের সমস্ত কর্মী, কার্যকর্তাকেই ধন্যবাদ জানিয়েছেন। তাঁদের সকলের শুভেচ্ছা, আন্তরিকতাতেই এটা সম্ভব হল বলে মনে করেন তিনি। 

আগামীর প্ল্যানিং কী?
এত বড় দলের সহসভাপতি পদ। সেখানে প্ল্যানিং ছাড়া কিছুই সম্ভব নয়। এমন পরিস্থিতিতে ঠিক কীভাবে এগোবেন মধুছন্দা? কোনও নির্দিষ্ট প্ল্যানিং রয়েছে তাঁর? এর উত্তরে তিনি বলেন, 'এখনই সেরকমভাবে কিছু ভাবিনি। আগে একটু দলের সামনে যে মুখ্য বার্তাগুলো রয়েছে, সেগুলো একটু বুঝে নিই।'

নারী ক্ষমতায়ন
এই বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক মনে করেন বিজেপি শুধু কথা বলে না। বরং কাজে করে দেখায়। একজন নারী হিসেবে তাঁর এই পদে পৌঁছে যাওয়াটা ঠিক তারই অংশ। মধুছন্দা বলেন, 'একটা বিষয় খুব ভাল লাগছে যে উইমেন এমপাওয়ারমেন্ট বা নারী ক্ষমতায়ন শুধুমাত্র একটা ফাঁকা বুলি নয়, ভারতীয় জনতা পার্টি আমাদের মতো মানুষকে সংযুক্ত করে সেটা একদম বুঝিয়ে দিল।'

Advertisement

কীভাবে সামলাবেন ডাক্তারি?
মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গে ক্যান্সার চিকিৎসার জগতে 'বড় নাম' ডা: মধুছন্দা কর। তিনি ৩৩ বছর ধরে ক্যান্সার চিকিৎসার সঙ্গে যুক্ত। বর্তমানে কলকাতার বেসরকারি হাসপাতালে অঙ্কোলজি বিভাগের চিকিৎসক হিসেবে কাজ করে চলেছেন। কিন্তু এখন কি তিনি সেই কাজ সামলে চলতে পারবেন? উত্তরে তিনি বলেন, 'সবকিছুই তো সুন্দরভাবে, সুষ্ঠুভাবে টাইম ম্যানেজমেন্ট করে, প্ল্যানিং করে করা যায়। আগে বুঝে নেব দলের কাজটা। বুঝে নিয়ে আমি যেভাবে পারব সেইভাবে নিজেকে যুক্ত করার চেষ্টা করব। আর দু'নম্বর হচ্ছে, আমি তো পশ্চিমবঙ্গ থেকে আসছি, যেখানে ডক্টর বিধান চন্দ্র রায় ডাক্তারি করে একটা প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। কাজেই সবকিছুই সম্ভব যদি সুষ্ঠুভাবে ঠিকমতো পরিচালনা করে করা যায়।' 

 

Read more!
Advertisement
Advertisement