
দক্ষিণবঙ্গজুড়ে ফের দুর্যোগের পূর্বাভাস। আগাম সতর্কতার মতোই সোমবার সন্ধ্যায় কলকাতা ও আশপাশের জেলায় বৃষ্টি নামে, কোথাও টিপটিপ, কোথাও ঝমঝম। সঙ্গে ছিল বজ্রপাত ও দমকা হাওয়া। মঙ্গলবারও পরিস্থিতি একই থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ, মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, আবার কোথাও হাওয়ার গতি থাকবে ৩০-৪০ কিলোমিটার। কলকাতাতেও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে রয়েছে কমলা সতর্কতা।
উত্তরবঙ্গেও পরিস্থিতি উদ্বেগজনক। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে সোমবার থেকে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এছাড়া কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের মতে, দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুরে দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন প্রায় ২৬ ডিগ্রি। সব মিলিয়ে, রাজ্যের দুই অংশেই আবার সক্রিয় হয়েছে অস্থির আবহাওয়া, যা আগামী কয়েকদিন ভোগান্তি বাড়াতে পারে।