
উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। শনিবার থেকে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামার আশঙ্কার পাশাপাশি নদ-নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি এবং নিচু এলাকা প্লাবিত হওয়ারও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়াবিদদের আশঙ্কা, সপ্তাহান্তে উত্তরবঙ্গে দুর্যোগ আরও তীব্র আকার নিতে পারে। পরিস্থিতি বিবেচনায় টানা তিন দিন লাল সতর্কতা বহাল থাকতে পারে।
এছাড়া জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতাও রয়েছে। এই দুই জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। প্রশাসন ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের আকাশে আপাতত মেঘেরই দাপট। শুক্রবারও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সতর্কতার আওতায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, যেখানে বৃষ্টি হবে না, সেখানে অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়া অনুভূত হবে।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। পাশাপাশি বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তবে সোমবার থেকে আবহাওয়ার আরও বড় পরিবর্তন হতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়ার পাশাপাশি কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হতে পারে। সেই সময় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।