
জুনিয়র ডাক্তারদের হাজিরায় কোনও গাফিলতি মেনে নিতে চাইছে না স্বাস্থ্য দফতর। সেই কারণেই ইন্টার্ন, হাউসস্টাফ ও পিজিটি-দের হাজিরায় কড়াকড়ি করা হচ্ছে। এবার চালু হচ্ছে ফেস বেসড বায়োমেট্রিক ব্যবস্থা। এই ব্যবস্থা চালু হওয়ার পর থেকে জুনিয়ার ডাক্তারদের ইন এবং আউট, দুই সময়ই বায়োমেট্রিক ফেস আইডির মাধ্যমে হাজিরা দিতে হবে। এমনকী ছুটি নেওয়ার সময় জানাতে হবে বিভাগীয় প্রধানকে। উল্লেখ করতে হবে ছুটি নেওয়ার কারণ। এমনটাই জানা গিয়েছে স্বাস্থ্যভবন সূত্রে।
প্রসঙ্গত, কয়েক দিন আগেই এনআরএস মেডিক্যাল কলেজের ইন্টার্নরা টাকার বিনিময়ে ডিউটি বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। এরপরই নড়েচড়ে বসে স্বাস্থ্যভবন। সেই ট্রেন্ড ধরেই এবার জুনিয়র চিকিৎসকদের ফেস বায়োমেট্রিক চালু করছে স্বাস্থ্যভবন।
কোথায় চালু হচ্ছে এই ব্যবস্থা?
প্রথমে কলকাতার এসএসকেএম এবং এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই এই ব্যবস্থা চালু করা হবে। এরপর অন্যান্য মেডিক্যাল কলেজেও ফেস বেসড বায়োমেট্রিক ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গিয়েছে। এভাবেই জুনিয়র ডাক্তারদের হাজিরা নিশ্চিত করতে চাইছে স্বাস্থ্যভবন। এক্ষেত্রে শুধু কাজে যোগ দেওয়ার সময় নয়, বরং বেরনোর সময়ও ফেস বায়োমেট্রিকের মাধ্যমে আউট করতে হবে।
জানা গিয়েছে, জুনিয়র ডাক্তারদের হাজিরা খতিয়ে দেখবেন বিভাগের প্রধান ও ইউনিট হেডরা। তাঁরা জুনিয়র ডাক্তাররা ঠিকঠাক ডিউটি করছেন কি না, সেটাও খতিয়ে দেখবেন বলে খবর।
জানা যাচ্ছে, রাজ্যস্তরের বায়োমেট্রিক পোর্টাল চালু রয়েছে। তার মাধ্যমেই ফেসভিত্তিক বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করা হচ্ছে। যার ফলে স্বাস্থ্যভবনের কাছেও ডিউটির হিসেব সরাসরি পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, স্বাস্থ্যভবন জুনিয়ার ডাক্তারদের নতুন করে পরিচয়পত্র বা আইডি কার্ড দিতে চলেছে।
ছুটি নিতে হলে আগেই জানাতে হবে
জুনিয়র ডাক্তারদের ছুটির ক্ষেত্রেও কড়া নিয়ম আনল স্বাস্থ্যভবন। এবার থেকে ছুটি নিতে চাইলে ইউনিটের ইনচার্জের মাধ্যমে বিভাগীয় প্রধানকে আগেই জানাতে হবে। কেন ছুটি নিতে চাইছেন সেই জুনিয়র চিকিৎসক, সেটাও উল্লেখ করতে হবে। তারপরই মিলবে ছুটি।
কেন এই সিদ্ধান্ত?
যতদূর খবর, স্বাস্থ্যভবন চাইছে যাতে জুনিয়র ডাক্তাররা নিজের ডিউটি ঠিকঠাক করেন। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে স্বাস্থ্যভবন সূত্রে।