
গুড়াপে শিশুকে ধর্ষণ-খুনে দোষী অশোক সিংহের ফাঁসির নির্দেশ দিল চুঁচুড়া পকসো আদালত। শুক্রবার অশোক সিংকে আদালতে পেশ করা হয়। গত বছর ২৪ নভেম্বর গুড়াপের শিশুর খুন-ধর্ষণের ঘটনা(খবরটি পড়তে এখানে ক্লিক করুন) নাড়িয়ে দিয়েছিল বাংলাকে। আরজি করের ঘটনায় প্রতিবাদের আবহেই আরও একবার এমন নৃশংসতার ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সকলে। উল্লেখ্য, ঠিক ৫৪ দিনের মাথায়, শিশুটির জন্মদিনেই দোষীকে ফাঁসির সাজা ঘোষণা করল আদালত।
এদিন বেলায় অশোক সিংকে যখন আদালতে নিয়ে আসা হচ্ছিল, তখনই বাইরে ছিল চোখে পড়ার মতো ভিড়। গুড়াপের শিশুর মা-বাবা, পরিবারের সদস্যরা ছিলেন। সেই সঙ্গে গ্রামবাসীরাও আদালতের বাইরে জড়ো হন। সকলে দোষীর কঠিন সাজার দাবিতে স্লোগান দিচ্ছিলেন।
গত বছর আরজি করের দোষীদের শাস্তির দাবিতে বাংলা তথা দেশজুড়ে বিক্ষোভের আবহেই গুড়াপের ঘটনা সকলকে কাঁপিয়ে দেয়। পাঁচ বছরের এক শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী অশোক। আর তারপরেই তার ঘৃণ্য বর্বরতার শিকার হয় শিশু।
এদিকে শিশুর বাড়িতে সেই সময় কেউ ছিলেন না। বাড়ি এসে শিশুকে দেখতে না পেয়ে বাবা ও পাড়ার লোকেরা খোঁজ শুরু করেন। খুঁজতে খুঁজতে অশোক সিংয়ের বাড়িতে এসেই এক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হন তাঁরা। অশোক সিংয়ের বাড়ির খাটে মশারি পেঁচানো অবস্থায় মেলে শিশুটির রক্তাক্ত দেহ।
এরপর বিক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। অশোক সিংয়ের উপর চড়াও হন তাঁরা। পুলিশ এসে তাকে গ্রেফতার করে। অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। ৯ ডিসেম্বর চার্জশিট গঠন করা হয়। এরপর ১১ ডিসেম্বর চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরু হয়। এরপর আজ চুঁচুড়া পকসো আদাল অশোক সিংয়ের ফাঁসির সাজা ঘোষণা করে।