
গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। বৃষ্টির অপেক্ষায় সকলে। আগামী কয়েকদিনে কি সেই সম্ভাবনা আছে? আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে। পাশাপাশি দক্ষিণ বিহার থেকে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাও রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার জেরেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। ২৭ থেকে ২৯ মে পর্যন্ত কয়েকটি জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়েছে। কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কয়েকটি এলাকায় ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে। রায়গঞ্জ, ঝালং এবং বালুরঘাটে ৭ সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কয়েকটি চা বাগান এলাকাতেও ভাল বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হুগলি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে দমকা হাওয়া বইেছে। এ দিকে, রবিবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পুরুলিয়ায়। সেখানে পারদ উঠেছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াসে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ থেকে ২৮ মে পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কার কথাও জানিয়েছে হাওয়া অফিস।
বিশেষজ্ঞদের পরামর্শ, বজ্রবিদ্যুৎ বা প্রবল বৃষ্টির সময়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিন। বজ্রঝড়ের সময় প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোরও আর্জি জানিয়েছে আবহাওয়া দফতর।