
সোশ্যাল মিডিয়ায় তাঁকে এবং তাঁর পরিবারকে 'অসভ্যভাবে গালাগাল' করা হচ্ছে। এমন অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শরণাপন্ন হলেন এনসিপিআই নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। তিনি মুখ্যমন্ত্রীর হাতে এমন কিছুজনের নাম তুলে দিয়েছেন, যারা তাঁকে 'ট্রোল' করছেন। খারাপ কথা বলছেন। আর সেই লিস্ট হাতে নিয়ে মুখ্যমন্ত্রী নিজে শাস্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন বলেও দাবি করেন কাকলি।
বুধবারই তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। নিজের হাতে তুলে দিয়েছেন 'অসভ্য গালাগালকারীদের' নাম। তারপর সেই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন।
সেই পোস্টে তিনি লেখেন, 'আজ ফেসবুক ও টুইটারে পোস্ট করে আইটি সেল থেকে যে অসভ্য গালাগাল দেওয়া হচ্ছে আমাকে ও আমার পরিবারকে, সেই নাম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দিলাম। উনি যথাযত শাস্তির ব্যবস্থা করবেন আশ্বাস দিয়েছেন।'
এখন দেখার কাকলির অভিযোগ পাওয়ার পর ঠিক কী ব্যবস্থা নেনে মুখ্য়মন্ত্রী। তাঁর নির্দেশে পুলিশ তদন্ত শুরু করে কি না।
দীর্ঘদিন ধরেই ট্রোলিংয়ের শিকার কাকলি
বেশ কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় সময়টা ভাল যাচ্ছে না এনসিপিআই নেত্রী কাকলির। তিনি পোস্ট করলেই হাসির রিয়্যাকশন পড়ছে। এমনকী কমেন্ট সেকশনেও ট্রোলিং চলছে। এমন পরিস্থিতিতে এবার স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছেই সমস্যা নিয়ে হাজির হলেন কাকলি। তিনি শুভেন্দুর হাতে তুলে দিলেন তাঁকে গালাগালকারীদের নাম।
কবে থেকে সমস্যা শুরু?
২০২৬ বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। হেরেছেন স্বয়ং সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরপরই দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন কাকলি। কার্যত তাঁর নেতৃত্বেই তৃণমূল থেকে বিদ্রোহী হয়ে বেরিয়ে আসেন প্রায় ২০ জন সাংসদ। তারা সরাসরি এনডিএ-কে সমর্থন করবেন বলে ঠিক করেন।
এমন পরিস্থিতিতে কাকলি সহ বিদ্রোহী সাংসদরা যোগ দিয়েছেন এনসিপিআই নামক একটি দলে। সেই দল এখন এনডিএ-কে সমর্থন করছে। ইতিমধ্যেই এনডিএ-এর কয়েকটি বৈঠকে দেখা গিয়েছে তাদের।
আর এই ঘটনার পরই অনেকে সোশ্যাল মিডিয়ায় সরাসরি কাকলির দিকে তোপ দেগেছেন। এই এনসিপিআই সাংসদ কোনও পোস্ট করলেই 'হাহা' রিয়্যাকশনে ভরে যাচ্ছে। এমনকী অনেকেই পোস্টের কমেন্ট সেকশনে 'গালাগালি' দিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ। আর এবার সেই ঘটনাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হলেন কাকলি। এখন দেখার এরপর ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়।