Advertisement

তীব্র গরমের মধ্যে কালবৈশাখীর কামব্যাক! ৫ দিন ধরে বৃষ্টি-ঝড়ের সতর্কতা জারি

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ জুন পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবুও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভ্যাপসা গরম ও অস্বস্তি পুরোপুরি কাটবে না। কোথাও কোথাও তাপমাত্রা সামান্য বাড়তেও পারে।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jun 2026,
  • अपडेटेड 11:28 AM IST
  • তীব্র গরমের মধ্যেই ফের আবহাওয়ার বড়সড় বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর।
  • আগামী ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তীব্র গরমের মধ্যেই ফের আবহাওয়ার বড়সড় বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তর-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করা একটি শক্তিশালী ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে, যার প্রভাবে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় থাকবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ জুন পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবুও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভ্যাপসা গরম ও অস্বস্তি পুরোপুরি কাটবে না। কোথাও কোথাও তাপমাত্রা সামান্য বাড়তেও পারে।

পরিস্থিতির কথা মাথায় রেখে ৫ জুন পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, পাহাড়ি অঞ্চল ছাড়াও বুধবার থেকে উত্তরবঙ্গের সমতল জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। ফলে স্থানীয়ভাবে জল জমা, গাছ উপড়ে পড়া বা বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা থাকছে।

বজ্রপাতের ঝুঁকির কথা উল্লেখ করে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। ঝড়-বৃষ্টি শুরু হলে খোলা মাঠ বা ফাঁকা জায়গায় না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল কাঠামোর নিচে আশ্রয় না নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে গাছপালা ও ভঙ্গুর কাঠামো ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

 

Read more!
Advertisement
Advertisement