Advertisement

Bengal Rain Update: বাড়বে দুর্যোগ! কলকাতা-সহ ৭ জেলায় ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

আরও শক্তিশালী হল নিম্নচাপ। রবিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ৬ জুলাই পর্যন্ত ভিজবে দক্ষিণবঙ্গ, সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর।

 আগামী ৬ জুলাই পর্যন্ত ভিজবে দক্ষিণবঙ্গ, সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৬ জুলাই পর্যন্ত ভিজবে দক্ষিণবঙ্গ, সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Jul 2026,
  • अपडेटेड 3:10 PM IST
  • আরও শক্তিশালী হল নিম্নচাপ।
  • রবিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
  • আগামী ৬ জুলাই পর্যন্ত ভিজবে দক্ষিণবঙ্গ।

ক্রমেই শক্তি বাড়ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপের। শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বিশেষত রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের স্পেশাল বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের উপরে একটি নিম্নচাপ অবস্থান করছিল। সেটি আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে ঘূর্ণাবর্ত। আপাতত একটি সার্কুলেশন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯.৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী তিন দিনে এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে এগোতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এর প্রভাবে ৪ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার পরিস্থিতিও বজায় থাকবে।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে রবিবার (৫ জুলাই) বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। কলকাতায় এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবারও বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে।

কোন জেলায় কবে বেশি বৃষ্টি?
৪ জুলাই:
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।

৫ জুলাই: এই দিনই বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

৬ জুলাই: পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। নদিয়া-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এরপর ৭ থেকে ১০ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। 

Read more!
Advertisement
Advertisement