Advertisement

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

দক্ষিণবঙ্গ জুড়ে আজ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, কলকাতাসহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় বজ্র-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি, উত্তাল সমুদ্রের কারণে ৭ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2026,
  • अपडेटेड 8:06 AM IST
  • বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।
  • রবিবার সকাল থেকেই বৃষ্টি শহর কলকাতায়।
  • আজ কলকাতা-সহ গোটা রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, দেখে নেওয়া যাক।

আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে রবিবার সকাল থেকেই বৃষ্টি শহর কলকাতায়। তবে শুধু শহরে নয়, শহরতলিতেও রবিবার ভোর থেকেই চলছে বৃষ্টি। যদিও বৃষ্টির দাপট এখনও তেমন বেশি নয়। বরং জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে চলছে এই বৃষ্টি। আজ কলকাতা-সহ গোটা রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, দেখে নেওয়া যাক।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

IMD-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সময়ে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি বেশি। ৩ জুলাই রাত ৮:৩০টা থেকে ৪ জুলাই রাত ৮:৩০টা পর্যন্ত কলকাতায় ০.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় এক বা দু'টি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি, কলকাতা ও পশ্চিম বর্ধমান জেলার এক বা দু'টি স্থানে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া এবং কলকাতা জেলায় এক বা দু'টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক বা দু'টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। 

Advertisement

উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস

IMD-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই এক বা দু'টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা

উপকূলের মৎস্যজীবীদের জন্য আগামী ৪ দিনের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ৭ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে IMD। এই প্রতিকূল আবহাওয়ার কারণে ৪ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন সমুদ্র এলাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

 

Read more!
Advertisement
Advertisement