Advertisement

৭ জেলায় হলুদ সতর্কতা, কলকাতাতেও বৃষ্টির শঙ্কা, আজ কেমন থাকবে আবহাওয়া?

সকাল থেকেই শহর কলকাতার আকাশের মুখভার। দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

কলকাতাতেও বৃষ্টির শঙ্কা, আজ কেমন থাকবে আবহাওয়া?কলকাতাতেও বৃষ্টির শঙ্কা, আজ কেমন থাকবে আবহাওয়া?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jul 2026,
  • अपडेटेड 7:28 AM IST
  • শনিবার দফায় দফায় বৃষ্টির পর রবিবারেও কলকাতার আকাশ সকাল থেকে সম্পূর্ণ রূপে মেঘাচ্ছন্ন।
  • শহর কলকাতায় রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি।
  • আজ কলকাতা সহ জেলায় আবহাওয়া কেমন থাকবে, দেখে নেওয়া যাক।

শনিবার দফায় দফায় বৃষ্টির পর রবিবারেও কলকাতার আকাশ সকাল থেকে সম্পূর্ণ রূপে মেঘাচ্ছন্ন। শহর কলকাতায় রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। যত বেলা বাড়বে, তত কলকাতার আকাশের মুখ আরও গোমড়া হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।  অন্যদিকে, জেলায় জেলায় আজও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা সহ জেলায় আবহাওয়া কেমন থাকবে, দেখে নেওয়া যাক।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের রবিবার সকালের পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি বেশি। আবহাওয়াবিদদের মতে, দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশের পাশাপাশি দফায় দফায় বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

IMD-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও, দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। দুই জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। 

উত্তরবঙ্গে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

IMD-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় এক বা দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। 

Advertisement

অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

 

Read more!
Advertisement
Advertisement