
বসন্তের শেষ লগ্নে চড়চড় করে চড়ছে পারদ। তাপমাত্রার এই বৃদ্ধির জেরে রীতিমতো কাহিল আমজনতা। তবে রবিবারে রয়েছে স্বস্তির খবর। আজ কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে IMD। কখন, কোথায় বৃষ্টি হবে? জেনে নেওয়া যাক।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকলেও বিকেলের দিকে ধীরে ধীরে আংশিক মেঘলা হয়ে উঠবে। বিকেল বা সন্ধ্যার দিকে হালকা বজ্রপাত সহ ঝড়- বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি।
আর্দ্রতার মাত্রা বেশ বেশি থাকায় গরমের অস্বস্তি বজায় থাকবে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৬ শতাংশ পর্যন্ত উঠতে পারে, আর সর্বনিম্ন থাকবে প্রায় ৪৬ শতাংশ।
দক্ষিণবঙ্গে কখন, কোথায় বৃষ্টি?
দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝড় বৃষ্টির কথা মাথায় রেখে IMD-র তরফে জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। পূর্বাভাস অনুযায়ী, ঝড়ের সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ফলে সংশ্লিষ্ট জেলাগুলিতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও অধিকাংশ জায়গায় আবহাওয়া তুলনামূলকভাবে স্বাভাবিক থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে।