
দোলের দিন রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা। তবে গোটা রাজ্যজুড়ে নয় বরং উত্তরবঙ্গের একটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিল IMD। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় অবশ্য বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং দক্ষিণবঙ্গে চড়া রোদের দাপট সকাল ৯ টা থেকে। বেলা ১২ টা থেকে বিকেল ৩টে পর্যন্ত গনগনে গরম অনুভূত হতে পারে।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
আবহাওয়া দফতরের পূর্বাভাস মোতাবেক, শহরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৪ ডিগ্রির আশেপাশে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০.১ ডিগ্রির কাছাকাছি। উভয় ক্ষেত্রেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি কম।
উত্তরবঙ্গের কোথায় বৃষ্টি?
IMD-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জেলার এক থেকে দুটি এলাকায়। তবে দার্জিলিং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনাই সবচেয়ে বেশি। উত্তরবঙ্গের সমস্ত জেলার এক বা দুটি জায়গায় সকালের দিকে অগভীর থেকে মাঝারি কুয়াশা দৃশ্যমানতা হ্রাস (৯৯৯.২০০ মিটার) থাকতে পারে।
কলকাতায় তাপমাত্রা বাড়ছে কেন?
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
হাওয়া অফিস আরও নির্দিষ্ট করে বলে দিয়েছে যে এই সপ্তাহ থেকেই শীত বিদায় নিশ্চিত। গত কয়েক দিন যে ঠান্ডার রেশ ছিল, সেটাও আর মিলবে না। তবে সকালের দিকে গরম বাড়লেও, রাতের তাপমাত্রায় তেমন একটা বদল হবে না।