Advertisement

নিম্নচাপে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, এই ৪ দিন দুর্যোগের সতর্কতা 

রবিবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jul 2026,
  • अपडेटेड 11:40 AM IST
  • বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনায় রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
  • আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে।

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনায় রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে ৩ জুলাই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সেই নিম্নচাপের জেরেই শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এবং সপ্তাহান্তে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে রবিবার বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

এই পরিস্থিতির কথা মাথায় রেখে ৩ জুলাই থেকে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে অবস্থানরত মৎস্যজীবীদেরও দ্রুত নিরাপদে ফিরে আসার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং এই দু'দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

Advertisement

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকে সেখানে বৃষ্টির প্রবণতা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement