
সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগেই পড়ুয়াদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল কলকাতা পুলিশ। পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পথে কোনও অসুবিধায় পড়লে পরীক্ষার্থীরা হেল্পলাইনে ফোন করলেই দ্রুত সাহায্যে পৌঁছে যাবেন পুলিশকর্মীরা।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ৯৪৩২৬১০০৩৯ নম্বরে ফোন করলে পরীক্ষার্থী বা অভিভাবকরা যে কোনও সমস্যায় সহায়তা পাবেন। বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে এলে, যানজটে আটকে পড়লে বা পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি হলে, সব ক্ষেত্রেই সহযোগিতা করবে পুলিশ। শুধু তাই নয়, শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে থাকবে অ্যাম্বুল্যান্সও। কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়াই এই ব্যবস্থার মূল উদ্দেশ্য।
হেল্পলাইনের পাশাপাশি পরীক্ষার্থীদের যাতায়াত আরও মসৃণ করতে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মাধ্যমিক পরীক্ষার আটদিনে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির ১৫টি রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চলবে। ফলে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমবে পরীক্ষার্থী ও অভিভাবকদের।
উল্লেখ্য, এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি থেকে, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা হবে ২, ৩, ৬, ৭, ৯, ১০ ও ১২ ফেব্রুয়ারি। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে এবং শেষ হবে দুপুর ২টায়। কর্মব্যস্ত দিনের সকাল-বেলায় শহরের রাস্তায় যানজট থাকলেও, পরীক্ষার্থীদের পাশে থাকতে আগেভাগেই প্রস্তুতি সেরে রাখল প্রশাসন।
সব মিলিয়ে, পরীক্ষার চাপের মধ্যেও যাতে পড়ুয়ারা নিশ্চিন্তে ও নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, সেই লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের।