
নাম না করে তৃণমূলের বিদ্রোহী নেতা আহমেদ হোসেন শেখকে প্রকাশ্যে দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লুকিয়ে বিজেপিকে সাহায্য করার অভিযোগ আনেন তাঁর বিরুদ্ধে। টিকিট না পাওয়ায় তিনি বিজেপিকে সাহায্য করছেন বলেও দাবি করেন মমতা। রবিবার মন্তেশ্বরের কুসুমগ্রাম ফুটবল খেলার মাঠের জনসভা করেন তিনি।
মন্তেশবর জনসভা থেকে মমতা বলেন, "এখানে কেউ আমার থেকে টিকিট চেয়েছিল। আমি সেটা অসমর্থন করি না। টিকিট চাইতে পারে। তাই বলে বিজেপিকে সমর্থন করবে? টাকা নিয়ে গুন্ডামি, মস্তানি। যদি দলে থাকতে হয় তৃণমূলের হয়ে নামো। টাকা দেওয়া বন্ধ করো। আমার মিটিংয়ে তুমি আসোনি। তোমাকে আমি তাড়িয়ে দেব। তুমি যে কোনও দল করতে পারে। বিজেপির সঙ্গে যাদের সম্পর্ক তাদের আমি দলে রাখব না।"
প্রসঙ্গত, মন্তেশ্বরে দলের প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর সঙ্গে বনিবনা নেই আহমেদ হোসেনের। সিদ্দিকুল্লাকে দল টিকিট দেওয়ায় আহমেদ ও তাঁর অনুগামীরা মন্তেশ্বরে প্রচারে আসেনি। এ দিন মমতার সভাতেও আসেননি তাঁরা। এদিন নাম না করে তাঁকেই নিশানা করে তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন মমতা।
এই সভা থেকে তিনি আরও দাবি করেন, তৃণমূল থাকাকালীন ওয়াকফ সম্পত্তি কারও হাতে যাবে না। এটা ইমামদের সম্পত্তি। সংখ্যালঘুদের নিশ্চিন্তে থাকার বার্তা দেন তিনি।