
'রাস্তায় আপনি যাতে বের হতে না পারেন, তার ব্যবস্থাও আমি করব’; মমতার উদ্দেশে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর এই মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে শুভেন্দুর সাংবাদিক বৈঠকের ওই অংশের ভিডিয়ো নিজের ফেসবুক পেজে পোস্ট করলেন মমতা। তাঁর প্রশ্ন, 'What exactly does that mean? House arrest? Intimidation? Political persecution?'(আমাকেকে কি উনি গৃহবন্দি করার কথা বলছেন, নাকি ভয় বা রাজনৈতিক হেনস্থার ইঙ্গিত দেওয়া হচ্ছে?'
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই মমতাকে উদ্দেশ করে তিনি বলেন, 'ফেসবুকেই থাকুন আপনি বিকেলবেলায়। আপনাকেই আর রাস্তায় বের হতে হবে না। রাস্তায় আপনি যাতে বের হতে না পারেন, তার ব্যবস্থাও আমি করব।'
এই মন্তব্যের ভিডিয়োই পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মমতা। ভিডিয়োর সঙ্গে লম্বা পোস্টে লেখেন, 'A NEW LOW in Indian politics!' তাঁর অভিযোগ, সরকারি দফতরে বসে তাঁকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
'কে রাস্তায় বের হবেন তা উনি ঠিক করবেন?'
মমতা তাঁর পোস্টে লেখেন, সাংবিধানিক গণতন্ত্রে রাজনৈতিক বিরোধীর চলাফেরার স্বাধীনতা নিয়ন্ত্রণ করার অধিকার তাঁকে কে দিয়েছেন? তাঁর দাবি, তিনি দেশের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন রাখতে চান।
তাঁর আরও বক্তব্য, একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী সংবিধান রক্ষার শপথ নেন। অথচ সেই মুখ্যমন্ত্রীই যদি প্রধান বিরোধী দলের চেয়ারপার্সনের স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিয়ে প্রকাশ্যে হুমকি দেন, তা হলে বিষয়টি অত্যন্ত গুরুতর।
‘এটা শুধু আমার একার বিষয় নয়’
মমতার অভিযোগ, বিরোধীদের ভয় দেখানো, মতবিরোধের জন্য শাস্তি দেওয়া এবং ক্ষমতাশালীদের হাতে সাংবিধানিক অধিকারকে ‘সুযোগ’ হিসেবে তুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।
মমতার বক্তব্য, বিষয়টি শুধু তাঁর ব্যক্তিগত নিরাপত্তা বা রাজনৈতিক অবস্থানের নয়। তাঁর দাবি, বিজেপি কী ধরনের ভারত তৈরি করতে চায়, সেই প্রশ্নও এর সঙ্গে জড়িয়ে রয়েছে।
তার আগেই ফেসবুক লাইভে ছিলেন মমতা
উল্লেখযোগ্য, শুভেন্দুর সাংবাদিক বৈঠকের কিছুক্ষণ আগেই সোমবার বিকেলে ফেসবুক লাইভে এসেছিলেন মমতা। সেই লাইভে বর্তমান সরকারের একাধিক নীতি নিয়ে প্রশ্ন তোলেন।
ফুটপাথবাসী এবং হকার উচ্ছেদ থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তি, বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সমালোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার কয়েক ঘণ্টার মধ্যেই নবান্নে সাংবাদিক বৈঠকে মমতাকে উদ্দেশ করে মন্তব্য করেন শুভেন্দু। এর পরেই তাঁর বক্তব্যের ভিডিয়ো পোস্ট করে পাল্টা জবাব দেন মমতা।