Mamata Banerjee In Supreme Court Live: 'WhatsApp কমিশন, বাংলার ভোটারদের নাম ডিলিট করছে,' সুপ্রিম কোর্টে বললেন মমতা

Aajtak Bangla | Kolkata | 04 Feb 2026, 2:37 PM IST

সুপ্রিম কোর্টে বুধবার নিয়ের দায়ের করা SIR মামলার শুনানিতে নিজেই আইনজীবী অবতারে অবতীর্ণ হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এজলাসে কালো কোট পরে সওয়াল করবেন 'ব্যারিস্টার' মমতা? তৃণমূল কংগ্রেসের পোস্টে বড় ইঙ্গিত। সুপ্রিম কোর্টের শুনানির সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন bangla.aajtak.in-এ।

সুপ্রিম কোর্টে মমতা সুপ্রিম কোর্টে মমতা

নিজের মামলায় নিজেই সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সুপ্রিম কোর্টে অন্য রূপে দেখা যাবে বাংলার মুখ্যমন্ত্রীকে। SIR নিয়ে দায়ের করা তাঁর মামলায় আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন তিনি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নামে বুধবার সুপ্রিম কোর্টের তরফে একটি গেট পাস ইস্যু করা হয়েছে।  তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় নানাপ্রকার ছবি পোস্ট করে যে ইঙ্গিত দেওয়া হচ্ছে, তাতে আইনজীবীর পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এজলাসে হাজির হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। সুপ্রিম কোর্টের শুনানির সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন bangla.aajtak.in-এ। 

2:11 PM (3 months ago)

মমতা বন্দোপাধ্যায়ের একাধিক অভিযোগে কার্যত সম্মত হয়েছেন বিচারপতিরা: কল্যাণ

Posted by :- Kishore

দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নিজের বক্তব্য যুক্তির মাধ্যমে পেশ করলেন কোনও মুখ্যমন্ত্রী। এদিন সুপ্রিম কোর্টের ভিতরে একাধিক যুক্তি রেখেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। মামলা শেষ হওয়ার পর আদালতের বাইরে এসে বিষয়টি স্পষ্ট করেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যে পিটিশন ফাইল করেছিলেন সেই মামলার হিয়ারিং হয়েছে। এর সঙ্গে দোলা ও জয় গোস্বামীর করা মামলারও হিয়ারিং হয়েছে। মমতা বন্দ্য়োপাধ্যায় আদালতকে বলেন, ডিলিশন হচ্ছে ইনক্লুশন হচ্ছে না, ইনক্লুশনও দরকার। মাইক্রো অবজার্ভার ও রোল অবজার্ভার আইনত নিয়োগ করার জায়গা নেই। খান পদবীটা খাঁ করে দিচ্ছে, এগুলো কমিশনের ভুল, মানুষকে কেন হয়রান করা হবে? যে মেয়েদের বিয়ে হয় তাঁদের তো পদবি বদল হচ্ছেই এখানে কী ভাবে নামে অমিল দেখানো হল? এছাড়া ১৫০ জন মারা গিয়েছেন সে কথাও বলেছেন। ইআরও, ডিআরও র ক্ষমতা কেড়ে মাইক্রো অবজার্ভারদের দিয়ে সিদ্ধান্ত নেওয়াচ্ছে তা অনৈতিক। ৭০-৭৫ লক্ষ লোকের হিয়ারিং এখনও বাকি বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। আদালত জানিয়েছে, দরকারে সময় বাড়ানোর বিষয়টি তাঁরা ভাবনা চিন্তা করছে। মমতা বন্দ্য়োপাধ্যায়ের বেশিরভাগ পয়েন্টের সঙ্গে বিচারপতিরা কার্যত সহমত পোষণ করেছে। ছোটখাটো ভুলগুলির জন্য যেন মানুষকে ডাকা না হয়। যেন শুধুমাত্র মৃত ও অন্যরাজ্যে চলে যাওয়া ব্যক্তিদের নামই বাদ দেওয়া হয়- বৈধ ভোটারদের নাম যেন বাদ না দেওয়া হয়   তা মৌখিকভাবে পর্যবেক্ষণ করেন বিচারপতি। পশ্চিমবঙ্গের মানুষের হয়ে যা বলার, আজ তার অনেকটাই বলেছেন মুখ্যমন্ত্রী। পরের হিয়ারিংয়ে যদি আসতে পারেন আবার বলবেন। সোমবার পরের শুনানির দিন রয়েছে।"

1:57 PM (3 months ago)

বিচারপতি বলেছেন সময় বাড়ানোর দরকার আছে: কল্যাণ

Posted by :- Madhurma Dev

সুপ্রিম কোর্টে এদিন মুখ্যমন্ত্রীর সওয়াল নিয়ে আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যে পিটিশন ফাইল করেছিলেন সেই মামলার হিয়ারিং হয়েছে। এর সঙ্গে যে মামলা রয়েছে সব মামলার হিয়ারিং হয়েছে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন। তিনি তাঁর পয়েন্টগুলো বলেন। ডিলিশন হচ্ছে ইনক্লুশন হচ্ছে না, ইনক্লুশনও দরকার। মাইক্রো অবজার্ভার ও রোল অবজার্ভার আইনত নিয়োগ করার জায়গা নেই। খান পদবীটা খাঁ করে দিচ্ছে, এগুলো কমিশনের ভুল, মানুষকে কেন হয়রান করা হবে? মহিলাদের যাদের পদবী বদলে গেলে তাদের নামের কীভাবে অমিল হয়? এছাড়া ১৫০ জন মারা গিয়েছেন সে কথাও বলেছেন। ইআরও, ডিআরও র ক্ষমতা কেড়ে মাইক্রো অবজার্ভারদের দিয়ে সিদ্ধান্ত নেওয়াচ্ছে তা অনৈতিক। এখনও হিয়ারিং বাকি। বিচারপতি বলেছেন, সময় বাড়ানোর দরকার আছে। ছোটখাটো ভুলগুলির জন্য যেন মানুষকে ডাকা না হয়। ভোটারদের কোনওরকম অমিলের কারণে নাম যেন বাদ না যায় তা মৌখিকভাবে পর্যবেক্ষণ করেন বিচারপতি। পশ্চিমবঙ্গে যা বলার আজ অনেকটাই বলেছেন মুখ্যমন্ত্রী। পরের হিয়ারিংয়ে যদি আসতে পারেন বলবেন। বাংলার মানুষের জন্য সুপ্রিম কোর্ট যা বলেছেন বিচারপতি মোটামুটি গ্রহণ করেছেন। সোমবার ফের মামলা হবে।" 

1:44 PM (3 months ago)

নির্বাচন কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের

Posted by :- Rupsa

বুধবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে নোটিস জারি করেছে। ওই আবেদনে তিনি রাজ্যে SIR প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়েছেন। আদালত কমিশনকে ১০ ফেব্রুয়ারির মধ্যে তাদের জবাব দাখিল করার নির্দেশ দিয়েছে।এছাড়াও আদালত পশ্চিমবঙ্গ সরকারকে সংশোধন প্রক্রিয়ায় ডেপুটেশনের জন্য উপলব্ধ ক্লাস-টু আধিকারিকদের একটি তালিকা জমা দিতে নির্দেশ দিয়েছে। শুনানির সময় মমতা বন্দ্যোপাধ্যায় বেঞ্চকে জানান, পশ্চিমবঙ্গকে অন্যায়ভাবে নিশানা করা হচ্ছে এবং রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় আদালতের হস্তক্ষেপ কামনা করেন।

 

1:40 PM (3 months ago)

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই SIR চালানো হচ্ছে: মমতা

Posted by :- Rupsa

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, রাজ্যে SIR প্রক্রিয়াটি প্রকৃত যাচাইয়ের বদলে কার্যত গণহারে ভোটারদের নাম বাদ দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাঁর দাবি, জীবনের স্বাভাবিক ও দৈনন্দিন পরিবর্তনগুলিকেও মিসম্যাচ বা লজিক্যাল ডিসক্রেপ্যান্সি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, বিয়ের পর কোনও নারী স্বামীর পদবি গ্রহণ করলে বা শ্বশুরবাড়িতে চলে গেলে সেটিকেও অসঙ্গতি হিসেবে দেখানো হচ্ছে। একইভাবে কাজের সূত্রে যাঁরা বাসস্থান পরিবর্তন করেছেন, তাঁদেরও ‘ডিসক্রেপ্যান্সি ম্যাপিং’-এর আওতায় আনা হচ্ছে, যার ফলস্বরূপ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ছে বলে তিনি অভিযোগ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট এবং সরকারি আবাসন সংক্রান্ত নথি গ্রহণের বিষয়ে আদালতের আগের নির্দেশকে বাংলার মানুষ স্বাগত জানিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও নির্বাচনের আগে কেবলমাত্র পশ্চিমবঙ্গকেই আলাদা করে টার্গেট করা হচ্ছে।' প্রক্রিয়াটির তাড়াহুড়ো নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি জানতে চান, যে কাজটি দু’বছর সময় নিয়ে করা যেত, তা কেন মাত্র চার মাসের মধ্যে সম্পন্ন করার চেষ্টা হচ্ছে। তিনি আরও বলেন, 'ফসল কাটার মরসুম ও উৎসবের সময় নোটিস পাঠানো হয়েছে, যখন বহু মানুষ নিজেদের রেজিস্টার্ড ঠিকানার বাইরে থাকেন, ফলে তাঁদের পক্ষে সময়মতো জবাব দেওয়া কঠিন হয়ে পড়ছে।'

 

1:40 PM (3 months ago)

ইলেকশন কমিশন হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গিয়েছে: মমতা

Posted by :- Madhurma Dev

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপির লোকজনকে মাইক্রো অবজার্ভার করে পাঠাচ্ছে। শুধু বাংলাতেই এটা হচ্ছে। তাঁরা নাম ডিলিট করে দিচ্ছে। ইলেকশন কমিশন হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপে সব নির্দেশ দিচ্ছে।"

1:38 PM (3 months ago)

পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্যের গ্রুপ-বি অফিসারদের একটি তালিকা জমা দিতে হবে: CJI

Posted by :- Arindam

মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এসডিএম-এর সংখ্যা ও কাজের ক্ষমতা পুরোপুরি জেলাভিত্তিক পরিস্থিতির উপর নির্ভর করে। রাজ্য সরকারের কাছে যত অফিসার রয়েছেন, সবাইকে এই কাজে দেওয়া হয়েছে। তবুও যেসব কথা বলা হচ্ছে, তা তিনি বিশ্বাস করতে পারছি না।

এর পর প্রধান বিচারপতি জানান, এই মামলাটি আগামী সোমবার শুনানির জন্য নেওয়া হবে। আজ যে সব বিষয় তোলা হয়েছে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হবে প্রয়োজনীয় নির্দেশিকা ও ব্যাখ্যা নিয়ে আদালতে আসতে। একই সঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দিল, পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্যের গ্রুপ-বি অফিসারদের একটি তালিকা জমা দিতে হবে।

1:36 PM (3 months ago)

মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন

Posted by :- sumana

মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলার অনুমতি চাইলেন এবং বললেন যে তিনি ব্যাখ্যা করতে পারেন কারণ তিনি  রাজ্যের বাসিন্দা। প্রধান বিচারপতি উত্তর দেন, 'কোন সন্দেহ নেই যে আপনি সেখান থেকেই এসেছেন।' মমতা উত্তর দিলেন, 'আমাকে কথা বলার অনুমতি দেওয়ার জন্য বেঞ্চকে ধন্যবাদ। সমস্যা হল আইনজীবীরা সবসময় যখন সবকিছু শেষ হয়ে যায় তখন মামলা লড়েন। তখন আমরা ন্যায়বিচার পাই না। ন্যায়বিচার দরজার আড়ালে কাঁদছে। আমি নির্বাচন কমিশনকে ছয়টি চিঠি লিখেছিলাম, কিন্তু কোনও সাড়া পাইনি। আমি  আমার দলের জন্য লড়ছি না। আমি কেবল একজন সাধারণ মানুষ।'

এর জবাবে প্রধান বিচারপতি বলেন, 'পশ্চিমবঙ্গ রাজ্যও একটি আবেদন দাখিল করেছে... রাজ্যের প্রতিনিধিত্ব করার জন্য সুপ্রিম কোর্টের সেরা আইনজীবীরা উপস্থিত আছেন। কপিল সিব্বল, গোপাল শঙ্করনারায়ণন এবং শ্যাম দিভান সহ একটি অভিজ্ঞ আইনি দল এই বিষয়ে আদালতকে সহায়তা করছে...।'

1:36 PM (3 months ago)

কোথাও বিচার পাচ্ছি না: মমতা

Posted by :- Madhurma Dev

সুপ্রিম কোর্টে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "শুধু বাংলার জন্যই মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে। কোথাও বিচার পাচ্ছি না। দয়া করে আমাকে বলতে দিন। মানুষ কষ্ট পাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে এসেছি, গোটা পরিস্থিতি বলতে পারি।"

1:34 PM (3 months ago)

কমিশনকে তোপ মমতার

Posted by :- Soumen Karmakar

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কমিশন ERO, AERO দের সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। বিজেপি শাসিত রাজ্য থেকে অনেক মাইক্রো অবসার্ভার নিয়োগ করা হয়েছে। তারা অনেক নাম মুছে ফেলতে পারে। প্রথম ধাপে ৫৮ লাখ নাম বাদ দেওয়া হয়েছে।'

1:30 PM (3 months ago)

২৪ বছর পরে এত তাড়াহুড়ো করে কেন? সুপ্রিম কোর্টে প্রশ্ন মমতার

Posted by :- Arindam

মমতা সুপ্রিম কোর্টে বললেন, ২৪ বছর পরে এত তাড়াহুড়ো করে কেন এসআইআর, তাও আবার মাত্র ৪ মাসের মধ্যে। যেটা দু বছর ধরে করা উচিত ছিল? কৃষিকাজ, পুজো ছিল, যখন শহরে লোকজন নানা কাজে বাইরে, তখন কমিশন নোটিশ পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন কার্যত ERO এবং AERO-দের সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছে। তাঁদের জায়গায় ৩৮০০ জন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, যাঁদের অনেকেই বিজেপি-শাসিত রাজ্য থেকে এসেছেন। মমতার অভিযোগ, এই মাইক্রো অবজারভাররা নির্বাচন কমিশনের অফিসে বসেই ভোটারদের নাম মুছে দেওয়ার ক্ষমতা পেয়েছেন। এর ফলে গোটা প্রক্রিয়াটাই আরও বিপজ্জনক হয়ে উঠেছে। তিনি জানান, SIR-এর প্রথম ধাপেই প্রায় ৫৮ লক্ষ নাম ‘মৃত’ বলে ঘোষণা করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে বিপুল সংখ্যক মহিলার নাম কেটে দেওয়া হয়েছে। মমতা স্পষ্টভাবে বলেন, এই প্রক্রিয়া মহিলা-বিরোধী এবং সম্পূর্ণ অন্যায়।

1:30 PM (3 months ago)

 আমরা ন্যায়বিচার পাচ্ছি না, SIR মামলায় সুপ্রিম কোর্টে মমতার বক্তব্য

Posted by :- sumana

আমরা ন্যায়বিচার পাচ্ছি না, SIR মামলায় সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য।  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিচারের বাণী নিভৃতে কাঁদছে। আমি আমার নিজের জন্য লড়াই করছি না, আমার দলের জন্য লড়াই করছি না।

1:28 PM (3 months ago)

কী বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Posted by :- Rupsa

সুপ্রিম কোর্টে বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্যের একজন মানুষ হিসেবে পরিস্থিতিটি ব্যাখ্যা করতে চান। ভারতের প্রধান বিচারপতি তাঁর আবেদন গ্রহণ করে বলেন, 'পশ্চিমবঙ্গের সঙ্গে তাঁর সংযোগ নিয়ে কোনও সন্দেহ নেই।' এরপর বক্তব্য রাখার সুযোগ দেওয়ায় বেঞ্চকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিষয়টি কেবল আইনি যুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। নির্বাচন কমিশনকে ৬টি চিঠি লিখেছি. কিন্তু তার কোনও উত্তর পাননি।' তিনি আরও বলেন, 'রাজনৈতিক নেতা হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে কথা বলছি। মানুষ ন্যায়বিচার পাচ্ছে না এবং বন্ধ দরজার পিছনে বিচার কাঁদছে।' এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি উল্লেখ করেন, 'পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই একটি মামলা দায়ের করেছে এবং দেশের কয়েকজন শীর্ষস্থানীয় আইনজীবীর মাধ্যমে তার প্রতিনিধিত্ব করা হচ্ছে। কপিল সিব্বল, গোপাল শঙ্করণারায়ণন এবং শ্যাম দিভানের মতো অভিজ্ঞ আইনজীবীরা এই বিষয়ে আদালতকে সহায়তা করছেন।'

 

1:27 PM (3 months ago)

৫ মিনিট বলার অনুমতি চাইলেন মমতা

Posted by :- sumana

৫ মিনিট বলার অনুমতি চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি বললেন, '৫ মিনিট কেন? আপনি ১৫ মিনিট বলতে পারেন, তাতে অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মামলায় আইনজীবীরা সওয়াল করছেন।'
 

1:27 PM (3 months ago)

বাংলাকে টার্গেট করা হচ্ছে : মমতা

Posted by :- Soumen Karmakar

কেবল বাংলাকে টার্গেট করা হচ্ছে SIR নামে। এটা কাঙ্খিত নয়। এত বড় একটা প্রক্রিয়াকে কয়েক মাসের মধ্যে সম্পন্ন করার চেষ্টা হচ্ছে।

1:27 PM (3 months ago)

শুনানিতে কী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Posted by :- Arindam

পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানিতে বলতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আমাকে দয়া করে বলতে দেওয়া হোক। আমি ওই রাজ্য থেকেই এসেছি। ' তখন দেশের প্রধান বিচারপতি বললেন, 'আপনি ওই রাজ্য থেকেি এসেছেন,এতে কোনও সন্দেহ নেই।' এরপর ধন্যবাদ জানিয়ে মমতা বললেন, সমস্যাটা হল, সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে আইনজীবীরা লড়াই শুরু করেন। যখন মানুষ বিচার পাচ্ছে না, তখন ন্যায়বিচার বন্ধ দরজার আড়ালে কাঁদছে। তিনি বলেন, নির্বাচন কমিশনকে তিনি ছ’টি চিঠি লিখেছেন, কিন্তু কোনও জবাব পাননি। মমতা জানান, তিনি কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, তিনি একজন সাধারণ মানুষ, একজন “বন্ডেড লেবার”-এর মতো অবস্থায় রয়েছেন। তিনি কোনও দলের হয়ে লড়াই করছেন না, লড়ছেন একজন সাধারণ নাগরিক হিসেবে।

এই সময় প্রধান বিচারপতি বলেন, পশ্চিমবঙ্গ সরকারও এই বিষয়ে আবেদন করেছে। রাজ্যের পক্ষে সুপ্রিম কোর্টের সেরা আইনজীবীরা হাজির রয়েছেন। বিচারালয়কে সহায়তা করতে উপস্থিত আছেন কপিল সিবাল, গোপাল শংকরনারায়ণন ও শ্যাম ডিভানের মতো অভিজ্ঞ আইনজীবীরা। প্রধান বিচারপতি আরও বলেন, ১৯ জানুয়ারি যখন মামলাটি উঠেছিল, তখন কপিল সিবাল খুব স্পষ্ট ও যুক্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকার এবং সাধারণ নাগরিকদের সমস্যাগুলির কথা তুলে ধরেছিলেন। বিষয়গুলি চিহ্নিত করা হয়েছে। প্রতিটি সমস্যারই সমাধান থাকে। সবচেয়ে জরুরি হল—কোনও নির্দোষ নাগরিক যেন বাদ না পড়ে।

তিনি বলেন, SIR প্রক্রিয়া মূলত তিনটি ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। এক, যারা দণ্ডপ্রাপ্ত অপরাধী। দুই, যারা রাজ্যের বাইরে স্থায়ীভাবে চলে গিয়েছেন। তিন, যারা দেশের নাগরিক নন। এই তিন ক্ষেত্রে কারও আপত্তি থাকার কথা নয়। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। বাংলার মানুষ উচ্চারণের ভিন্নতার জন্য অনেক সময় নাম আলাদা ভাবে বলা বা লেখা হয়। এখন আবার এআই-ভিত্তিক রেকর্ডিংয়ের মাধ্যমে নাম নথিভুক্ত হচ্ছে। এই ধরনের ভুলের কারণে কোনও প্রকৃত ও বৈধ নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, এটাই নিশ্চিত করতে হবে। 

প্রধান বিচারপতি বলেন, নীতিগতভাবে যদি এমনটা হয় যে রায়, দত্ত, গঙ্গোপাধ্যায়, এই সব সাধারণ পদবীর বানান আলাদা আলাদা ভাবে লেখা হচ্ছে, তাহলে সেটাই তো সমস্যা। তিনি উদাহরণ দিয়ে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নামই আজকাল কীভাবে বানান হচ্ছে, সেটাও তো আমরা নিশ্চিত নই, কেউ ‘E’ ব্যবহার করেন, কেউ করেন না।

এর পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বেঞ্চ অনুমতি দিলে তিনি প্রধান বাংলা সংবাদপত্রে প্রকাশিত কিছু ছবি দেখাতে পারেন, যেখানে এই সমস্যাগুলি স্পষ্ট ভাবে উঠে এসেছে। মমতা আরও বলেন, বর্তমান SIR প্রক্রিয়াটা কার্যত শুধুই নাম বাদ দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। সামান্য অমিল বা তথাকথিত “মিসম্যাচ” হলেই নাম কেটে দেওয়া হচ্ছে।

তিনি উদাহরণ দেন, কোনও মেয়ে বিয়ের পরে শ্বশুরবাড়িতে গেলে এবং স্বামীর পদবি ব্যবহার করলে সেটাকেও মিসম্যাচ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এমনকি, মেয়েরা বিয়ের পরে শ্বশুরবাড়িতে ঠিকানা বদলালেও সেটাকেও ডিলিশনের কারণ ধরা হচ্ছে। মমতা বলেন, কাজের প্রয়োজনে বহু মানুষ ঠিকানা বদল করেন। সেটাকেও “লজিক্যাল ডিসক্রেপ্যান্সি” বলে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত অন্যায়।

1:25 PM (3 months ago)

নিজের বক্তব্য পেশের চেষ্টা করছেন মমতা

Posted by :- Soumen Karmakar

বারবার বিচারপতিদের কাছে নিজের বক্তব্য রাখার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সুপ্রিম কোর্টে। তিনি বিচারপতিদের জানান, বিয়ের পর মহিলাদের নামের পদবী পরিবর্তন হওয়ার ফলে অনেকের নাম বাদ দেওয়া হচ্ছে। 

1:20 PM (3 months ago)

মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলার অনুমতি চান

Posted by :- sumana

সুপ্রিম কোর্টে SIR নিয়ে বিতর্ক অব্যাহত, সিজেআই-এর কাছে বক্তব্য রাখার অনুমতি চাইলেন মুখ্যমন্ত্রী মমতা> SIR শুনানি চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলার অনুমতি চান। 


 

1:17 PM (3 months ago)

বক্তব্য রাখার অনুমতি চাইলেন মমতা

Posted by :- Rupsa

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার SIR মামলার শুনানির সময়ে প্রধান বিচারপতির বেঞ্চের কাছে নিজের বক্তব্য পেশ করার অনুমতি চাইলেন। 

1:14 PM (3 months ago)

ভোটারদের নোটিসে স্পষ্ট কারণ উল্লেখের প্রয়োজনীয়তা নিয়ে আদালতের পর্যবেক্ষণ

Posted by :- Rupsa

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করছেন সিনিয়র অ্যাডভোকেট শ্যাম দিভান। সুপ্রিম কোর্টে তিনি বলেন, 'ভোটারদের যে সব নোটিস পাঠানো হচ্ছে, তাতে অন্তত সংক্ষিপ্ত হলেও নির্দিষ্ট ব্যাখ্যা থাকা উচিত। যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা বুঝতে পারেন কেন তাঁদের নাম চিহ্নিত করা হয়েছে। স্পষ্ট কারণ উল্লেখ না থাকলে মানুষ বুঝতেই পারবেন না কেন তাঁদের তালিকাভুক্ত করা হয়েছে।' এই প্রসঙ্গে ভারতের প্রধান বিচারপতি (CJI) মন্তব্য করেন, ভোটারদের কারণ জানানো সংক্রান্ত উদ্বেগটি যুক্তিসঙ্গত। তবে তিনি উল্লেখ করেন, 'এই ধরনের তথ্য আদানপ্রদানের পদ্ধতি নিয়ে আদালত আগেই নির্দেশ দিয়েছে। প্রকাশিত তালিকাই একমাত্র মাধ্যম নয়, পৃথকভাবে ভোটারদের কাছে পাঠানো নোটিসেই কারণগুলি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।'

1:09 PM (3 months ago)

সুপ্রিম কোর্টে কী যুক্তি দিলেন মমতা?

Posted by :- Rupsa

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে জানিয়েছেন, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার সময় অনুমোদিত প্রমাণপত্রের তালিকায় থাকা একাধিক নথি বাস্তবে গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে আবেদন জানিয়েছেন, প্রতিটি ভোটারকে চিহ্নিত করার নির্দিষ্ট কারণ এবং নোটিস জারির ভিত্তি নির্বাচন কমিশন (ECI)-কে প্রকাশ করার নির্দেশ দেওয়া হোক। তাঁর আবেদনে উল্লেখ করা হয়েছে, নোটিসে সাধারণত ভোটারের নাম, বয়স ও লিঙ্গের মতো মৌলিক তথ্য থাকলেও অনেক ক্ষেত্রেই কেবল 'DM' সংক্ষিপ্ত রূপ লেখা থাকে, যার অর্থ হিসেবে 'ডিসক্রেপ্যান্সি ইন ম্যাপিং' বলা হচ্ছে। তবে এই অসঙ্গতির প্রকৃতি স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয় না বলে তিনি অভিযোগ করেছেন।

1:07 PM (3 months ago)

কমিশন নথির যে তালিকা দিয়েছে, তা গৃহীত হচ্ছে না: সুপ্রিম কোর্টে বললেন মমতা

Posted by :- Arindam

মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানিতে বললেন, 'কমিশন নথির যে তালিকা দিয়েছে, তা গৃহীত হচ্ছে না।'

1:03 PM (3 months ago)

সুপ্রিম কোর্টে সামনের সারিতে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Posted by :- Arindam

একটু পরেই সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের SIR মামলার শুনানি শুরু হচ্ছে। শুনানির সময় মমতা বন্দ্যোপাধ্যায় পেছনের সারিতে নিজের চেয়ার থেকে উঠে বেঞ্চের কাছাকাছি পডিয়ামের দিকে এগিয়ে গেলেন। বেঞ্চকে উদ্দেশ করে কথা বলার প্রস্তুতি নিতে দেখা গেল তাঁকে। এর পর মমতার আইনজীবীরাও পডিয়ামের সামনে চলে আসেন। সিনিয়র আইনজীবী শ্যাম ডিভান এবং গোপাল শংকরনারায়ণন সামনের সারিতে বসলেন। খুব শিগগিরই পশ্চিমবঙ্গের SIR সংক্রান্ত মামলার শুনানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করবেন সিনিয়র আইনজীবী শ্যাম ডিভান, আর অপর আবেদনকারী জয় গোস্বামীর হয়ে সওয়াল করবেন গোপাল শংকরনারায়ণন।

12:50 PM (3 months ago)

কখন হবে মমতার মামলার শুনানি?

Posted by :- Rupsa

বিচারপতির এজলাসে শুনানির ক্রম হল ১ থেকে ৫। তারপর তালিকার ৩৫ নম্বর মামলার শুনানি হবে। সেটি শেষ হলে তালিকার ৬ থেকে ১৬ নম্বর মামলার শুনানি হবে। এরপর রয়েছে ৪০ এবং ৪১ নম্বর মামলার শুনানি। পশ্চিমবঙ্গের SIR মামলার শুনানি রয়েছে তালিকার ২১ নম্বরে। ৩৭ নম্বরে রয়েছে মুখ্যমন্ত্রীর মামলা। এখন তালিকায় ৩ নম্বরে থাকা মামলার শুনানি চলছে। 

12:40 PM (3 months ago)

মুখ্যমন্ত্রী নাটক করছেন: মমতা

Posted by :- Madhurma Dev

মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্টে যাওয়াকে কেন্দ্র করে হুমায়ুন কবীরের মন্তব্য, 'তিনি নাটক করছেন। প্ল্যানমাফিক মুসলিমদের মধ্যে ভীতি ধরানোর জন্য। এসব করে লাভ হবে না। এই ভোটাররাই মোক্ষম জবাব দেবেন।'' 

12:33 PM (3 months ago)

লাঞ্চের পরই মমতার মামলার শুনানি?

Posted by :- Rupsa

এর আগে নির্ধারিত ছিল, দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হবে। তবে এদিন দিনভর বেঞ্চের বসার সিদ্ধান্ত হয়েছে। বদল করা হয়েছে পরপর মামলাগুলির শুনানির তালিকাও। সেক্ষেত্রে লাঞ্চের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

12:28 PM (3 months ago)

আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ

Posted by :- Rupsa

সুপ্রিম কোর্টে আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মামলার শুনানির অপেক্ষায় রয়েছেন সকলে। 

 

12:11 PM (3 months ago)

'উনি নাটক করার মাস্টার,' মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ গিরিরাজের

Posted by :- Arindam

এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের আবেদনের ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের কটাক্ষ, 'উনি নাটক করার মাস্টার। নির্বাচন আসছে,তাই নাটক করছেন। গতবারের ভোটে পা ভেঙে গেল। আর যেই রেজাল্ট বেরলো, পা ঠিক হয়ে গেল। এখন SIR নিয়ে যা কিছু জটিলতা, সব মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছেন। তৃণমূলের কর্মীরা বাংলায় নির্বাচন কমিশনের আধিকারিকদের দলের কর্মী বানিয়ে ফেলেছে। উল্টে এখন সুপ্রিম কোর্ট যাচ্ছেন।' 

11:44 AM (3 months ago)

মমতার মামলার আইটেম নম্বর ৩৭

Posted by :- Arindam

আজই মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি হবে। লিস্টে তাঁর মামলাটি রয়েছে আইটেম নম্বর ৩৭ হিসেবে এবং সেটিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সব ঠিকঠাক থাকলে সকাল সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে এই মামলার শুনানি শুরু হতে পারে। আজ প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয় মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পঞ্চোলির বেঞ্চ দুপুর ১টা পর্যন্তই বসবে। আজকের লিস্ট অনুযায়ী, প্রথমে ১ থেকে ৫ নম্বর মামলা, তারপর ৩৫, এরপর ৬ থেকে ১৬, তারপর ৩৬, ৩৭, ৪০ ও ৪১ নম্বর মামলা শুনানি হবে। এর পর থাকবে পাস ওভার মামলা, আর শেষে তালিকায় থাকা বাকি মামলাগুলির শুনানি হবে।

11:33 AM (3 months ago)

ঠিক কী কী আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের?

Posted by :- Arindam

SIR মামলায় সুপ্রিম কোর্টের মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনগুলি হল, ২০২৫ সালের ভোটার তালিকা অনুযায়ী অর্থাৎ SIR শুরু হওয়ার আগে যে ভোটার তালিকা ছিল, সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের ১৮তম বিধানসভা নির্বাচন হোক। লজিক্যাল ডিসক্রিপ্যান্সির তালিকায় যাদের নাম রয়েছে তাদের শুনানিতে না ডেকে উপযুক্ত নথির ভিত্তিতে স্বতঃপ্রণোদিত ভাবে সংশোধন করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তাঁর আবেদন, নাম বা নামের বানানে অমিল সংক্রান্ত তথ্যগত অসঙ্গতির জন্য শুনানির নোটিস প্রত্যাহার করা হোক। এবং সংশ্লিষ্ট ভোটারদের তা জানাতে কমিশনকে নির্দেশ দিক আদালত। তথ্যগত অসঙ্গতির ক্ষেত্রে আধার কার্ডকে পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হোক। যাদের বিরুদ্ধে ফর্ম-৭ জমা পড়েছে, তাদের নাম অনলাইনে প্রকাশ করার আর্জি জানিয়েছেন মমতা। পাশাপাশি তাঁর আবেদন, ফর্ম-৭ জমা দেওয়া বন্ধ করার নির্দেশ দিক আদালত। যারা ফর্ম-৭ জমা দিয়েছেন, তাঁদের শুনানির সময় সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়ার আবেদনও জানিয়েছেন মমতা।

11:07 AM (4 months ago)

মমতার সমর্থনে সরব হলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী

Posted by :- sumana

সুপ্রিম কোর্টে SIR শুনানি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের SC-তে হাজিরা প্রসঙ্গে শিবসেনা (UBT) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, '...পশ্চিমবঙ্গ এবং অন্যান্য নির্বাচনমুখী রাজ্যগুলিতে SIR যেভাবে পরিচালিত হচ্ছে তা একতরফা। বিজেপি যা করতে বলছে নির্বাচন কমিশন তা করছে । ED, CBI এবং IT ইতিমধ্যেই তা করছিল, এখন ECও এতে যোগ দিয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন তা সমর্থন করি। তিনি সামনে থেকে আইনি লড়াই লড়ছেন। যদি এই পরিস্থইতি অব্যাহত থাকে, তাহলে আমরা এই লড়াই লড়ব।'

10:58 AM (4 months ago)

সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন আবেদন দায়ের

Posted by :- Rupsa

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে একটি নতুন আবেদন দায়ের করেছেন। এই আবেদনে তিনি আদালতের কাছে জরুরি নির্দেশ চেয়েছেন, যাতে রাজ্যে চলা SIR প্রক্রিয়ার সময় নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে কোনও নাম বাদ না দিতে পারে। আবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে চলা SIR প্রক্রিয়ার ফলে বৃহৎ পরিসরে ভোটার বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং পরিস্থিতি অত্যন্ত গুরুতর। এতে আরও উল্লেখ করা হয়েছে, আবেদনপত্রে সামান্য অসঙ্গতির কারণেও নির্বাচন কমিশন একাধিক ব্যক্তিকে নোটিস বা সার্কুলার পাঠিয়েছে। 

মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে যে নির্দেশগুলি চেয়েছেন, সেগুলি হল—

• ২০২২ সালের ভোটার তালিকায় থাকা কোনও ভোটারের নাম যেন বাদ না দেওয়া হয়
• কোনও ভোটার যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করা
• সমস্ত ক্ষেত্রে বাধ্যতামূলক শুনানির প্রক্রিয়া প্রত্যাহার করা
• আধার কার্ড, স্থায়ী বাসিন্দা শংসাপত্র, পঞ্চায়েতের আবাসিক শংসাপত্র, পারিবারিক নথি, সামাজিক ও অর্থনৈতিক জাতিগত জনগণনা সংক্রান্ত তথ্য, জমি বা বাড়ি বরাদ্দের শংসাপত্র এবং রাজ্য সরকারের সক্ষম কর্তৃপক্ষ কর্তৃক জারি করা অন্যান্য নথি নির্বাচন কমিশনের দ্বারা গ্রহণযোগ্য হিসেবে স্বীকৃত করার নির্দেশ দেওয়া

এই আবেদনের মাধ্যমে মুখ্যমন্ত্রী রাজ্যের ভোটারদের অধিকার সুরক্ষিত রাখার জন্য আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। 

10:48 AM (4 months ago)

'আমি পেছনেই বসব, একেবারে পেছনে,' সুপ্রিম কোর্টে ঢুকে বললেন মমতা

Posted by :- Arindam

সুপ্রিম কোর্টে ঢোকার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর দলের লোকজনকে বলতে শোনা যায়, 'আমি পেছনেই বসব, একেবারে পেছনে।' দৃশ্যটাও ছিল চোখে পড়ার মতো। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের সময় মমতা নিজে কালো শাল পরেছিলেন। তাঁর সঙ্গে যাঁরা গিয়েছিলেন, এসআইআর প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত বলে দাবি করা পরিবারগুলিও। সবাইকে একই রকম কালো শাল পরানো হয়েছিল। আজ সুপ্রিম কোর্টে হাজির হওয়ার সময়ও মমতার গলায় দেখা গেছে কালো স্টোল।

10:46 AM (4 months ago)

সুপ্রিম কোর্টে কী বক্তব্য রাখতে পারেন মমতা?

Posted by :- Rupsa

সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের বক্তব্যের প্রতিধ্বনি শোনা যেতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টে তাঁর মামলার প্রস্তুতি নিচ্ছেন, তখন গত মাসে প্রধান বিচারপতি (CJI)-র উপস্থিতিতে করা তাঁর এক বক্তব্য আদালত কক্ষে আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন উপলক্ষে রাজ্যে সফরে এসেছিলেন প্রধান বিচারপতি, সেই অনুষ্ঠানেই ওই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিচারবিভাগের কাছে সাংবিধানিক মূল্যবোধ রক্ষার আবেদন জানিয়ে বলেছিলেন, 'আমাদের সংবিধান ও গণতন্ত্রকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে। ইচ্ছাকৃতভাবে মানুষকে বদনাম করা হচ্ছে। অনুগ্রহ করে জনগণকে রক্ষা করুন, বিচারব্যবস্থাকে বাঁচান। আমরা আপনাদের অভিভাবকত্বে আছি, আপনি সংবিধানের রক্ষক।' 

10:42 AM (4 months ago)

প্রধান বিচারপতির এজলাসে এলেন আইনজীবীরা

Posted by :- sumana

প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত হয়েছেন আইনজীবীরা। কিছু ক্ষণ পরেই পশ্চিমবঙ্গের SIR মামলার শুনানি শুরু হবে এই এজলাসে।
 

10:39 AM (4 months ago)

বিজেপি নেতা কৌস্তভ বাগচীর কটাক্ষ

Posted by :- Arindam

বিজেপি নেতা কৌস্তভ বাগচীর কটাক্ষ, 'আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করছেন না। সাধারণ মানুষ হিসেবে সওয়াল করছেন। এর জন্য কালো কোট পরার প্রয়োজন হয় না। সুপ্রিম কোর্টের আইনজীবীরা গুরুগম্ভীর পরিবেশে থাকেন, আজ কমিক রিলিফ পাবেন।'

10:36 AM (4 months ago)

মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা কে লড়বেন?

Posted by :- Rupsa

বুধবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করবেন বর্ষীয়ান আইনজীবী শ্যাম দিভান। রাজ্যে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা তাঁর আবেদনের পক্ষে তিনি যুক্তি তুলে ধরবেন।

10:34 AM (4 months ago)

সুপ্রিম কোর্টের বাইরে আঁটসাঁট নিরাপত্তা

Posted by :- Rupsa

বুধবার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) মামলার শুনানি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিকে ঘিরে সুপ্রিম কোর্টের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভগবান দাস রোড ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

10:34 AM (4 months ago)

মমতাকে সমর্থন অখিলেশের

Posted by :- sumana

SIR নিয়ে মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে  সমর্থন জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

10:29 AM (4 months ago)

দেশের ইতিহাসে প্রথমবার

Posted by :- Arindam

সুপ্রিম কোর্টের অন্দরে প্রবেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর মামলার শুনানিতে সওয়াল করলে, দেশের প্রথম কোনও মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে মামলা লড়বেন। সুপ্রিম কোর্টে আইনজীবীদের সঙ্গে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অনুমতি দিলেই মমতা নিজে সওয়াল করতে পারবেন। 

10:23 AM (4 months ago)

সুপ্রিম কোর্টের বাইরে বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন

Posted by :- sumana

স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) মামলার আজকের গুরুত্বপূর্ণ শুনানির আগে সুপ্রিম কোর্ট কমপ্লেক্সের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুপ্রিম কোর্টে যাওয়ার প্রধান রাস্তা ভগবান দাস রোডে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ ব্যারিকেড এবং কড়া তল্লাশির মাধ্যমে এলাকাটি ঘিরে রেখেছে।

10:21 AM (4 months ago)

সুপ্রিম কোর্টে মমতা

Posted by :- Arindam

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি শুরু হতে পারে একটু পরেই। এখনও পর্যন্ত খবর, মমতা নিজে সওয়াল করবেন SIR শুনানিতে। সর্বোচ্চ আদালতের পথে যাওয়ার সেই মুহূর্ত রইল।

10:18 AM (4 months ago)

মমতা কি নিজে সওয়াল করবেন সুপ্রিম কোর্টে?

Posted by :- Arindam

যে সব ভোটারের বিরুদ্ধে ফর্ম-৭ জমা পড়েছে, তাঁদের নাম অনলাইনে প্রকাশ করার আর্জি জানিয়েছেন মমতা। একই সঙ্গে সুপ্রিম কোর্টের কাছে তাঁর আবেদন, গণহারে ফর্ম-৭ জমা দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজে সওয়াল করবে আজ সুপ্রিম কোর্টে? ইতিমধ্যেই মমতার আইনজীবীর কোট পরা AI ছবি পোস্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। 

10:17 AM (4 months ago)

কার বেঞ্চে মামলার শুনানি?

Posted by :- Rupsa

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে SIR মামলার শুনানি হবে। একটি মামলা করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং তৃণমূল সাংসদ দোলা সেন। সেই মামলা প্রধান বিচারপতির বেঞ্চে এক নম্বর কোর্টে শুনানির তালিকায় ২১ নম্বরে রয়েছে। SIR  নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা প্রধান বিচারপতির এক নম্বর কোর্টে শুনানির তালিকায় ৩৭ নম্বরে রয়েছে। কবি জয় গোস্বামীর এই সংক্রান্ত মামলাটি শুনানির তালিকায় রয়েছে ৩৬ নম্বরে। 

10:16 AM (4 months ago)

সুপ্রিম কোর্টে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Posted by :- Rupsa

সুপ্রিম কোর্টে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।