
মালদায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশিদের জন্য তৈরি হোল্ডিং সেন্টারে এবার নজর কাড়ছে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা। এক ঝাঁ চকচকে পাকা ভবনে রাখা হয়েছে তাঁদের। ঘরগুলোতে একাধিক সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে, যাতে রাত্রিযাপন আরামদায়ক হয়।
খাবারের তালিকাও বেশ সমৃদ্ধ। মেনুতে রয়েছে ভাত, রুটি, মাছ, মাংস ও ডিম। শিশুদের জন্য প্রতিদিন চারবার দুধ এবং বেবি ফুডের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাঁদের জন্য দেওয়া হয়েছে নতুন পোশাক, স্নানের জন্য সাবান ও শ্যাম্পুও।
মালদহের ইংলিশবাজার শহর সংলগ্ন বাগবাড়ির চন্দনপার্কে এই হোল্ডিং সেন্টারটি সোমবার থেকে চালু হয়েছে। একটি পুরনো পাকা ভবনকে নতুনভাবে সংস্কার করে সেখানে রাখা হয়েছে এই ব্যবস্থা। বর্তমানে সেখানে তিনজন মহিলা, ছজন শিশু ও কিশোর-সহ মোট নয়জন রয়েছেন।
সুরক্ষার জন্য পুরো এলাকাজুড়ে রয়েছে কড়া নিরাপত্তা। তিনজন পুলিশ আধিকারিক, এক ডজনেরও বেশি পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ার এবং সিভিল ডিফেন্সের কর্মীরা দায়িত্বে রয়েছেন। রাতভর আলো জ্বালানোর জন্য বসানো হয়েছে হ্যালোজেন লাইট, পাশাপাশি নজরদারির জন্য রয়েছে সিসিটিভি ক্যামেরা।
জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, সেন্টারে থাকা ব্যক্তিদের খাবার ও থাকার সমস্ত ব্যবস্থা প্রশাসনের তরফে করা হয়েছে। রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। তিনি আরও জানান, বর্তমানে নতুন করে কাউকে এখানে আনা হয়নি এবং প্রয়োজন অনুযায়ী বিএসএফের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলবে।