
বিধানসভার শপথ গ্রহণের দিন তৃণমূল বিধায়ক মদন মিত্র ও বিজেপি বিধায়ক অর্জুন সিংয়ের সাক্ষাৎ। দেখা হয়েই একে অপরকে আলিঙ্গন করেন। হাসতে হাসতে অর্জুন বলে ওঠেন, "মদনদা যেকোনও সময় আমাদের সঙ্গে চলে আসবে। ও লাভলি।" তাঁর কথায় অসম্মতি জানাননি মদন। অর্জুনের কাঁধে হাত রেখে তাঁকেও মৃদু হাসতে দেখা যায়। কামারহাটির বিধায়কের এই আচরণের পর জোর চর্চা চলছে তিনি কি বিজেপিতে আসতে পারেন?
বুধবার বিধানসভায় শপথগ্রহণ পর্ব ছিল। জয়ী বিধায়কদের একাংশ শপথ নেন। আগামিকাল বাকিরা শপথ নেবেন। শপথ গ্রহণের পর সাংবাদিকদের মদনের প্রতিক্রিয়া, "২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন শপথ নিয়েছিলেন লক্ষাধিক মানুষ হাঁটতে হাঁটতে গিয়েছিলেন। তার মধ্যে একটা সিপিএমের ৩৪ বছরের মুক্তির স্বাদ ছিল। এবার যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, বাংলার মানুষ কেমন নির্বাক হয়ে গিয়েছেন। কোথাও কোনও উচ্ছ্বাস, আনন্দ নেই। আমিও ব্যক্তিগতভাবে ভেঙে পড়েছি, এমন একটা বিধানসভা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেই।”
এরপরই সেখানে উপস্থিত হন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক। তাঁকে কিছু বলতে বলা হলে মদনকে নিয়ে এই মন্তব্য করেন অর্জুন। এরপরই একথা বলে হাসতে হাসতে চলে যান অর্জুন।
এর আগে একাধিকবার মদন-অর্জুনের তরজা দেখা যায়। অর্জুনকে বারংবার আক্রমণ করেন মদন। পাল্টা আক্রমণ করেন অর্জুনও। তবে আজ বিধানসভায় দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র।