Advertisement

Mid Day Meal-এ মোমো-পকোড়া-চিলি চিকেন, পুজোর ছুটির পর স্কুল খুলতেই এলাহি আয়োজন

এ বার মিড ডে মিলে দেখা গেল চোখ ধাঁধানো মেনু। মোমো, চিকেন পকোড়া, চিলি চিকেন পেল পূর্ব বর্ধমানের সরকারি স্কুলের পড়ুয়ারা। পুজোর ছুটির পর স্কুল খুলতেই এলাহি মেনু দেখে জিভে জল পড়ুয়াদের।

মিড ডে মিলমিড ডে মিল
প্রীতম ব্যানার্জী
  • পূর্ব বর্ধমান ,
  • 14 Nov 2026,
  • अपडेटेड 4:31 PM IST
  • মিড ডে মিলে চোখ ধাঁধানো মেনু
  • মোমো, চিকেন পকোড়া, চিলি চিকেন
  • এলাহি মেনু দেখে জিভে জল পড়ুয়াদের

এ বার মিড ডে মিলে দেখা গেল চোখ ধাঁধানো মেনু। মোমো, চিকেন পকোড়া, চিলি চিকেন, পোলাও, চাটনি, পাপড়, রসগোল্লা, আইসক্রিম কী নেই তাতে! পাতে এমন সব লোভনীয় খাবার পেয়ে দারুণ খুশি পড়ুয়ারাও।

পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিসি রোডের বর্ধমান সিএমএস হাইস্কুল। পুজোর ছুটির পর স্কুল খুলতেই মিড ডে মিল দেখে জিভে জল পড়ুয়াদের। স্কুলের সহকারি প্রধান শিক্ষকের ভাবনায় মিড ডে মিল হয়ে উঠল কার্যত বিজয়ার প্রীতিভোজ। এলাহি আয়োজন।  পড়ুয়াদের আবদারে বরাবরই গুরুত্ব দেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক। পড়ুয়ারা আবদার করেছিল মোমো খাবে। তাই সহকারি প্রধান শিক্ষক গদাধর হাজরা বিজয়ার প্রীতিভোজে মোমো, চিকেন পকোড়া, চিলি ছিকেন, পোলাও, চাটনি, মিষ্টি ও শেষ পাতে আইসক্রিমের আয়োজন করেন। তবে এতকিছু খাবার কিন্তু বিনা শর্তে দেওয়া হয়নি। শর্ত একটাই, ভাল রেজাল্ট করতে হবে পড়ুয়াদের। ছুটির পর স্কুলে এসে মিড ডে মিলে এমন খাবার দেখে খুশি পড়ুয়ারাও।

গদাধর  জানান, পড়ুয়ারা বলেছে স্যার এরপর রেজাল্ট দেখে নেবেন! আবার পড়ুয়ারাও জানায়, স্যার বলেছেন, ভাল রেজাল্ট করলে তাদের আবদার মেনে এইরকমই ভাল ভাল মেনু রাখবেন মিড ডে মিলে। তারাও বলেছে ভাল রেজাল্ট করে দেখিয়ে দেবে।

এই মিড ডে মিলের আয়োজন দেখতে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয়ের পরিদর্শকও। পড়ুয়াদের জন্য নেওয়া এমন উদ্যোগের প্রশংসা করেছেন তিনিও। স্কুলের অন্যান্য সহকারি শিক্ষকরাও সহকারি প্রধান শিক্ষকের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

রিপোর্টার: সুজাতা মেহেরা

 

Read more!
Advertisement
Advertisement