
NCPI দলের স্বীকৃতি এবং NCPI সাংসদদের বসার জায়গার দাবিতে স্পিকারের সঙ্গে দেখা করেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এই সংক্রান্ত সমস্ত কাগজপত্রও তিনি জমা দিয়ে এসেছেন বলে জানান। সেই সঙ্গে ডিলিমিটেশন বিলকে সমর্থন ও গরু জবাইয়ের বিরোধিতায় সংসদে বক্তব্য রাখবেন। এনডিএ-কে সমর্থন করবেন বলেই তিনি সরাসরি জানান।
কাকলি বলেন, "আমাদের দল NCPI-এর স্বীকৃতির জন্য স্পিকারের কার্যালয়ে কাগজপত্র দিয়েছি। তারা আমাদের অনুরোধটি খতিয়ে দেখছেন। আমরা আসন সংখ্যা হ্রাস ও নারী সংরক্ষণ বিল সমর্থন করব। আমরা সবসময় নারী কল্যাণের পক্ষে সমর্থন জানিয়ে এসেছি।"
এনডিএ-র সমর্থনে বলেন, "এনডিএ-র সঙ্গে আবার কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য কাজ করব। গরু জবাইয়ের বিরুদ্ধে এবং এবার সংসদে এই বিষয়টি উত্থাপন করব।"
বিজেপি সমর্থিত NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটি করেন তা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়। রবিবার তিনি নিজের এক্স হ্যান্ডলে “Support NDA! Narendra Modi jindabad, Amit Shah jindabad” লিখে একটি পোস্ট শেয়ার করেন। সেই পোস্টে রাজনৈতিক মন্তব্যও রিপোস্ট করেন। যেখানে তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে সমালোচনা করেন।
এরপর ফের একটি পোস্ট করেন। তাতে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে পুরনো ছবি পোস্ট করেন। তাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সেই পোস্টের ক্যাপশনে কাকলি লেখেন, “তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় আমায় NDA-এর হয়ে হাওড়া থেকে লড়তে পাঠিয়েছিলেন। শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজি এসেছিলেন আমার হয়ে প্রচার করতে।”
কাকলির এনডিএ-কে সরাসরি সমর্থন নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। এনডিএ-র প্রতি তাঁর সমর্থন নির্দ্বিধায় প্রকাশ্যে আনছেন।